Purulia: এবার পুরুলিয়ায় চিতাবাঘের আস্তানাতেই অভয়ারণ্য, ৩৬০৯ হেক্টর জুড়ে বিরাট পরিকল্পনা | Ministers visit proposed sanctuary in Purulia Jangalmahal
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
পুরুলিয়া: জঙ্গলমহলের পুরুলিয়ার ঝালদা-কোটশিলা বনাঞ্চলে গড়ে উঠতে চলেছে অভয়ারণ্য। বুধবার পরিদর্শনে গেলেন রাজ্যের বন দফতরের দুই মন্ত্রী সহ দফতরের আধিকারিকরা। জঙ্গলমহলের ওই অভয়ারণ্য তৈরির ঘোষণা করা হয়েছে আগেই। ঘোষণার ২মাস পর অভয়ারণ্যের ওই প্রস্তাবিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী মনোজ ওঁরাও ও দিবাকর ঘরামি।
কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটের সেওয়াতি পাহাড়ের ৩৬০৯.৪০ হেক্টরের ২১টি মৌজা জুড়ে এই অভয়ারণ্য বিস্তৃত হবে। এই গভীর জঙ্গলে মানুষের যাতায়াত একেবারে নেই বললেই চলে। এই প্রস্তাবিত অভয়ারণ্যে রয়েছে হাতি, চিতাবাঘ, ভল্লুক সহ নানা বন্যপ্রাণী। এই বনাঞ্চল অভয়ারণ্যের জন্য একেবারেই আদর্শ। সেই বনাঞ্চলই নিজের চোখে দেখলেন রাজ্যের মন্ত্রীরা।
গত অক্টোবরের শেষের দিকে কলমা বিটের কিরিবেড়া থেকে কলমা যাওয়ার রাস্তায় বনকর্মীদের সঙ্গে মুখোমুখি হয় চিতাবাঘ। এর আগে বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরাতেও ধরা পড়ে একাধিক চিতার ছবি। এই প্রস্তাবিত অভয়ারণ্যের পাশেই রয়েছে বকত, সেওয়াতি, ডুমর্ডি, সিমনি, জাবর, হরতান, রিগীত, কাড়িয়র সহ একাধিক গ্রাম। মূলত এই গ্রামের মানুষের জীবিকা কৃষি, জঙ্গলের পাতা সংগ্রহ, মহুল সংগ্রহ ও গবাদিপশু পালন করা। তাদের এই প্রকল্পের মধ্যে নানা কাজে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
চার বছরেরও বেশি সময় ধরে এই জঙ্গলে চিতাবাঘ বসবাস করলেও এখনও পর্যন্ত কোনও মানুষের উপর হামলা হয়নি। জানা গিয়েছে, এই মুহূর্তে পুরুষ ও স্ত্রী মিলিয়ে প্রায় ৮টি চিতাবাঘ রয়েছে এই প্রস্তাবিত অভয়ারণ্যে। জেলায় এসে প্রথমে ঝালদা বনাঞ্চল অফিসে প্রস্তাবিত অভয়ারণ্য নিয়ে একটি উপস্থাপনা দেখেন মন্ত্রী। সেখান থেকেই সেওয়াতি ঘাঁটি এলাকায় পরিদর্শন করেন তাঁরা।