১৩০ র বদলে ২৬ আসন ! যোগী রাজ্যে প্রকট হচ্ছে অখিলেশ-রাহুল দ্বন্দ্ব - 24 Ghanta Bangla News
Home

১৩০ র বদলে ২৬ আসন ! যোগী রাজ্যে প্রকট হচ্ছে অখিলেশ-রাহুল দ্বন্দ্ব

Spread the love


লখনউ: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা (Seat Sharing)নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবিরের অন্দরে আসন সমঝোতা নিয়ে শুরু হয়ে গেল নতুন টানাপড়েন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ফের একসঙ্গে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জোটের আসন ভাগাভাগি নিয়ে দুই শরিকের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা ক্রমশ প্রকাশ্যে আসছে।

কংগ্রেস যেখানে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য ১৩০টি আসনের দাবি জানিয়েছে, সেখানে অখিলেশ যাদবের দল পাল্টা মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে। ফলে দুই দলের মধ্যে আসন সমঝোতা কতটা সহজ হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

আরও দেখুনঃ অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটক আরশোলা নেতা সৌরভ দাস

সম্প্রতি কংগ্রেসের তরফে সমাজবাদী পার্টির কাছে ১৩০টি আসনের একটি তালিকা পাঠানো হয়েছিল। তার ঠিক একদিন পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অখিলেশ যাদবের দল। (Seat Sharing)সমাজবাদী পার্টির এক সূত্রের দাবি, কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার জন্য ২৬টি আসনের একটি তালিকা ভাগ করে নেওয়া হয়েছে।

এই তালিকায় এমন কয়েকটি কেন্দ্রও রয়েছে, যেখানে অতীতে কংগ্রেসের নির্বাচনী সাফল্য রয়েছে। তবে কংগ্রেসের চাওয়া আসনের তুলনায় সমাজবাদী পার্টির প্রস্তাব অনেকটাই কম হওয়ায় দুই দলের মধ্যে দরকষাকষি আরও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।

সমাজবাদী পার্টির প্রস্তাবিত ২৬টি আসনের মধ্যে রয়েছে কংগ্রেসের জেতা দুটি কেন্দ্র রামপুর খাস এবং ফেরান্দা। পাশাপাশি গত নির্বাচনে কংগ্রেস যে চারটি কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল, সেগুলিও তালিকায় রাখা হয়েছে। এই কেন্দ্রগুলি হল মথুরা, খেরাগড়, জগদীশপুর এবং কিদওয়াই নগর। বাকি ২০টি কেন্দ্রের মধ্যে রয়েছে বাগপত, মোদিনগর, হাপুর, জেওয়ার, সিয়ানা, খুরজা, খৈর, ইগলাস, মান্ট, আগ্রা নর্থ, ফতেহপুর সিক্রি, বিলগ্রাম-মল্লানওয়ান, গোবিন্দ নগর, নানপাড়া, গোরক্ষপুর সিটি, খজনি, পদরৌনা, ফাজিলনগর, পিন্দ্রা এবং বারাণসী ক্যান্ট।

অন্যদিকে, আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য নিজেদের প্রতিনিধিদলও তৈরি করেছে সমাজবাদী পার্টি। এই আলোচনাকারী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য করা হয়েছে ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদকে।

দলীয় সূত্রের বক্তব্য, পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই তাঁকে এই প্যানেলে রাখা হয়েছে। সমাজবাদী পার্টির রাজনৈতিক পরিভাষায় এই তিন শ্রেণির সম্মিলিত প্রতিনিধিত্বকে বলা হয় ‘PDA’। আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ আলোচনায় এই সামাজিক সমীকরণকে সামনে রাখতে চাইছেন অখিলেশ।

এই প্যানেলে অবধেশ প্রসাদ ছাড়াও রয়েছেন প্রবীণ নেতা তথা অখিলেশ যাদবের কাকা রামগোপাল যাদব, সাংসদ ইকরা চৌধুরী, রাজীব রাই এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি শ্যামলাল পাল। অন্যদিকে, কংগ্রেসের তরফে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা রাজেন্দ্র পাল গৌতম, রাজ্য কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র, কার্যকরী সভাপতি ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধুরীকে।

প্রাথমিকভাবে কংগ্রেস ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছিল বলে জানা গিয়েছে। তবে এত বিপুল সংখ্যক আসন ছাড়তে রাজি নয় সমাজবাদী পার্টি। এর পিছনে রয়েছে উত্তরপ্রদেশে কংগ্রেসের অতীত নির্বাচনী ফলাফল।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করে ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু জয় এসেছিল মাত্র দুটি কেন্দ্রে। অন্যদিকে, সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে অবশ্য দুই দল জোট করে লড়েছিল। সেই নির্বাচনে সমাজবাদী পার্টি ৫৪টি এবং কংগ্রেস সাতটি আসনে জয়লাভ করে।

তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল দুই দলের আসন সমঝোতার সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। (Seat Sharing)ওই নির্বাচনে উত্তরপ্রদেশের ১৭টি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয় পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে, সমাজবাদী পার্টি ৩৭টি আসনে জয়লাভ করে রাজ্যের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করে। একই নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ২০১৯ সালের ৬২ থেকে কমে ৩৩-এ নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *