ভেন্টিলেশন থেকে বের করা হল রেখা পাত্রকে, এখন কেমন আছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক?

কলকাতা: শনিবার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে…
কলকাতা: শনিবার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিষক্রিয়ার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টেও রাখতে হয় তাঁকে। তবে সোমবার চিকিৎসায় সাড়া দেওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে হিঙ্গলগঞ্জের বিধায়ককে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ভেন্টিলেশন থেকে বের করার পর নতুন করে শ্বাসকষ্টের কোনও সমস্যা দেখা যায়নি। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। বর্তমানে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালানোর প্রয়োজন হচ্ছে না। জ্ঞান ফিরেছে রেখা পাত্রের। পরিবারের লোকজনকে চিনতেও পেরেছেন তিনি। পরিচিতদের সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলেও হাসপাতাল সূত্রে খবর। তবে বুক ধড়ফড় করার সমস্যা এখনও রয়েছে।
কী বলছেন চিকিৎসকেরা?
হাসপাতালের চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন বিজেপি বিধায়ক। বিষক্রিয়ার প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিশেষ করে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, হৃদ্যন্ত্র, পরিপাকতন্ত্র ও কিডনির কার্যকারিতা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। বিষক্রিয়ার ফলে ভবিষ্যতে কোনও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা বুঝতে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। আপাতত আগামী ৬-৭ দিনের আগে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, রবিবার থেকেই আইটিইউতে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন রেখা। তাঁর মেডিক্যাল রিপোর্টে ফসলের জমিতে ব্যবহৃত কীটনাশকের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছিল। বিষক্রিয়ার প্রভাব মস্তিষ্কেও পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল। দ্রুত রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় উদ্বেগ বাড়ে চিকিৎসকদের। বিষক্রিয়ার জেরে লালারস ফুসফুসে ঢুকে শ্বাস-প্রশ্বাসে বাধা তৈরি করছিল বলেও চিকিৎসকদের সূত্রে খবর।
কীভাবে অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র?
পরিবারের দাবি, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক। প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসা চলে। কিন্তু অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই শুরু হয় উন্নত চিকিৎসা।
পাঞ্জাবে ফের বিজেপি-অকালি জোট! ২০২৭ নির্বাচনের আগেই বড় চাল NDA র
মুম্বইতে বিশাল ধরপাকড়! পুলিশের জালে ৭ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী