প্রতিশোধ জন্ম দেয় কেবল প্রতিশোধেরই – অংশুমান কর | বিশেষ প্রবন্ধ
কাশ্মীরে কিন্তু দীর্ঘদিন ধরে তেমন সাহিত্য রচিত হয়ে চলেছে যা পড়লে বোঝা যায় কেন কাশ্মীরের অবস্থা আজ ঠিক এরকম। পণ্ডিতেদের মধ্যে অবশ্য একদিকে মিলিটারি আরেকদিকে উগ্র জঙ্গিদের সাঁড়াশি আক্রমণে হাঁসফাঁস করতে থাকা কাশ্মীরের সাধারণ মানুষদের কথা খানিকটা আলোচিত হয়েছে মালিক সাজাদের গ্রাফিক নভেল মুন্নু আর সালমান রুশদির উপন্যাস শালিমার দা ক্লাউন-এর কল্যাণে। কিন্তু এর বাইরেও যে আরও অজস্র কাশ্মীরি সাহিত্যিক, ধর্মপরিচয়ে যাঁদের অধিকাংশ মুসলিমও বটেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের সাহিত্যে এঁকে চলেছেন কাশ্মীরের স্বরূপ, তা কি আমরা জানি? যেমন, মির্জা ওয়াহিদের প্রথম উপন্যাস দ্য কোলাবোরেটর কথাই ধরা যাক। উপন্যাসটির নায়ক নামহীন এক যুবা কথক, যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে আলাদা করেছে যে লাইন অব কন্ট্রোল তার কাছাকাছি বাস করে। তার অনেক বন্ধু সীমান্ত পার হয়ে ‘আজাদি’র জন্য লড়াই করতে গেছে, কিন্তু সে যায়নি। তার কথায়, “আমি জানি না ওপাশটা দেখতে কেমন, বা একটা একে-৪৭ যখন মিনিটে ৬০০টা গুলি ছোড়ে, তখন সেটা হাতে থাকলে কেমন লাগে।” সে যুদ্ধে না গিয়ে বরং ভারতীয় সেনাবাহিনীর জন্য কাজ করতে শুরু করে। তার কাজ হয় পাহাড়ে নিহত জঙ্গিদের – যাদের ‘এনকাউন্টার’-এ মারা হয়েছে, তাদের মৃতদেহ গুনে রাখা। এই উপন্যাস এক অন্যমাত্রা পায় নামহীন কথক ও তার বস, মদ্যপানকারী, গালাগালি-করা ক্যাপ্টেন কাদিয়ানের কথোপকথনে। কাদিয়ান পুরোনো অভিযানের গল্প বলে, পাকিস্তানিদের গালাগালি করে, মাঝে মাঝে অনুতপ্তও হয়। কাদিয়ানের কিছু কিছু স্বীকারোক্তি শুনতে শুনতে উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র নামহীন এই কথক নিজের মনেই ভাবে, “কখনো-কখনো আমার মনে হয়, আমি এখানে আছি শুধু এই একাকী মানুষটিকে সঙ্গ দেওয়ার জন্য।”
কাশ্মীরি যুবকদের হঠাৎ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়েই একটি উপন্যাস লিখেছেন শাহনাজ বশিরও। উপন্যাসটির নাম দ্য হাফ মাদার। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হালিমা। সাহসিনী হালিমা একজন মা, কন্যা এবং আশাবাদী, লড়াকু এক নারী। তার ভেঙে-যাওয়া বিয়ে থেকে একটিই প্রাপ্তি হয় হালিমার—পুত্র ইমরান। হালিমা তাকে একা মানুষ করে। স্কুলের খাতায় ইমরান লেখে, “সফলতা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হল কঠোর পরিশ্রম আর সমগ্র পৃথিবীর একজন নাগরিক হওয়া।” বিশ্বনাগরিক হতে চাওয়া এই ইমরান শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে যায়। নাটিপোরায় এক হামলার পর, সেখানে মোতায়েন সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের উপর অকথ্য অত্যাচার শুরু করে। ইমরানের দাদুকে খুন করা হয়। অনেকের সঙ্গে ধরে নিয়ে যাওয়া হয় ইমরানকেও। পুত্র হারানোর শোকে কাতর না হয়ে হালিমা বের হয় তাকে খুঁজতে। কুখ্যাত নির্যাতন কেন্দ্র পাপা-২ থেকে শুরু করে স্থানীয় সেনা শিবির—সব জায়গায় সে যায়, শুধু এইটুকু আশা নিয়ে, একদিন সে ইমরানকে খুঁজে পাবে। এই খোঁজেই তার জীবন যায়। তারপর একদিন আয়নায় নিজেকে দেখে সে বুঝতে পারে—সময় পেরিয়ে গেছে, সে বুড়ি হয়ে যাচ্ছে অথচ ইমরান ফেরেনি। হয়তো আর ফিরবেও না; হয়তো তার জীবনটাই ছিল এক স্বপ্ন; স্বপ্ন নয়, এক দুঃস্বপ্ন, যা সে কল্পনাও করেনি।
নিখোঁজ হয়ে যাওয়া কাশ্মীরি যুবকরা ফিরে ফিরে আসে পারো আনন্দের উপন্যাস নো গানস অ্যাট মাই সন্স ফিউনেরাল-এও। পারো আনন্দ দেখান এক উপদ্রুত কাশ্মীরকে। দেখান যে, যেখানে দেশের অন্য প্রান্তে একটি গুলির শব্দ শুনেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, সেখানে কাশ্মীরের মানুষ গুলির শব্দ আর নির্মাণকাজের শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না। সরকার, ভারতীয় সেনা, পাকিস্তানি অনুপ্রবেশকারী আর জঙ্গিদের মধ্যে চলা লড়াইয়ের মাঝে চিঁড়েচ্যাপ্টা হয় সাধারণ কাশ্মীরিরা। একের পর এক তারা নিখোঁজ হতে থাকে। এদেরই কেউ কেউ মারা যায় সেনাবাহিনীর হাতে। কেউ কেউ হয়ে ওঠে জঙ্গি।