Convocation Dress: গাউন পরে হ্যাট ওড়ানো আর নয়! বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হল চিঠি | Education Department gives letter to change convocation dress in college universities
চিঠি দিল উচ্চশিক্ষা দফতরImage Credit: TV9 Bangla
কলকাতা: কনভোকেশনে পোশাক বদলের উদ্যোগ রাজ্য উচ্চশিক্ষা দফতরের। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেশীয় পোশাক পরার পরামর্শ দিচ্ছে সরকার। রাজ্যের তথা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত কনভোকেশনে বিদেশি ধাঁচের গাউন পরার প্রচলন রয়েছে। সঙ্গে থাকে হ্যাট। সেটা বদলে হ্যান্ডলুমের পোশাকের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।
খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ
শিক্ষা দফতরের তরফে সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর।
UGC-র ২০১৫, ২০১৯ ও ২০২৪ সালের পরামর্শের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। UGC-র তরফে একাধিকবার সমাবর্তনের পোশাকে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতীয় আবহাওয়ার উপযোগী পোশাক তৈরির উপরও জোর দেওয়ার কথা বলেছিল ইউজিসি।
কোন পোশাক পরতে হবে
মূলত বিশ্ববিদ্যালয়গুলিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গর্ববোধ বাড়ানোই লক্ষ্য উচ্চশিক্ষামন্ত্রকের। গ্রামীণ তাঁতি ও হ্যান্ডলুম শিল্পকে আর্থিকভাবে সাহায্যের ভাবনাও রয়েছে রাজ্য সরকারের। তবে, সমাবর্তনের পোশাকের নির্দিষ্ট কোনও নকশা বেঁধে দেয়নি UGC। সে ক্ষেত্রে উত্তরীয় সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের সুযোগ থাকছে বলেই মনে করা হচ্ছে। উপাচার্য, অতিথি ও ডিগ্রি প্রাপকদের জন্য পৃথক পোশাক তৈরির স্বাধীনতাও রয়েছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুয়াদের পোশাকেও বদলের ভাবনা উচ্চশিক্ষা দফতরের।
বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের মতো করে পোশাকের নকশা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অধীনস্থ কলেজগুলিতেও এই উদ্যোগ কার্যকর করার আবেদন জানানো হয়েছে। সমাবর্তনের পোশাকের ছবি ও ভিডিয়ো ইউজিসি-র পোর্টালে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। কী পদক্ষেপ করা হচ্ছে, তা উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।