Actor Sohel Khan Dies: শুটিংয়ে গিয়ে আচমকা অসুস্থ, প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খান | Bangladeshi Actor Sohel Khan Dies Bogura Shooting Cardiac Arrest
শুটিংয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টেই তাঁর মৃত্যু হয়েছে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘নসিব’ ছবির শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। ইউনিট সূত্রে খবর, গত ১৯ নভেম্বর থেকেই তিনি বগুড়ায় অবস্থান করছিলেন এবং আগামী বুধবার, ২৫ নভেম্বর তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নেওয়ার পর ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে হোটেলের ঘরে যান। সেখানেই বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। সোহেল খানের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। এরপর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-তে অভিনয় করে নজর কাড়েন। পরবর্তীতে অসংখ্য নাটক, ধারাবাহিক ও টেলিফিল্মে দেখা গিয়েছে তাঁকে। বড়পর্দাতেও রেখেছেন নিজের স্বাক্ষর; ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে ছিল তাঁর বাড়ি।