৪০ লক্ষ টাকার বার্মা টিক উদ্ধার
তুষের বস্তার আড়ালে চলছিল বার্মা টিক (মূল্যবান কাঠ) পাচার। প্রায় ১২ কিলোমিটার পিছু ধাওয়া করে ময়নাগুড়ি-জলপাইগুড়ি সড়কে তিস্তা চেকপোস্টের কাছে একটি দূরপাল্লার ট্রাক আটক আটক করে পাচার রুখল বন দপ্তর। সেই ট্রাক থেকে প্রায় ৪০ লক্ষ টাকার কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। ট্রাকচালক সন্দীপ সিংকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। জলপাইগুড়ি বনবিভাগের লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, ‘বার্মা টিক পরিবহণের কোনও বৈধ কাগজ না থাকায় ট্রাকটিকে আটক করা হয়েছে। কাঠগুলি গুজরাটে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’