মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর প্রস্তুতি রাশিয়ার! ডিসেম্বরেই উৎক্ষেপণ

নয়াদিল্লি: ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিমী দেশগুলির (Nuclear Satellite)সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, একের পর এক ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে রাশিয়া। এবার সেই উদ্বেগ…
নয়াদিল্লি: ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিমী দেশগুলির (Nuclear Satellite)সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, একের পর এক ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে রাশিয়া। এবার সেই উদ্বেগ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের সম্ভাবনা। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্রবাহী একটি উপগ্রহ পাঠাতে পারে মস্কো।
জার্মান সম্প্রচারমাধ্যম টাগেশাউয়ের (Tagesschau) সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার কৃত্রিম উপগ্রহ ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সম্ভাব্য এই উপগ্রহটির নাম ‘স্পুটনিক-এস’ (Sputnik-S)। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির ধারণা, উপগ্রহটি তৈরির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। গত কয়েক বছর ধরে সেটি মস্কোর কাছাকাছি কোনও একটি স্থানে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়া গোয়েন্দা সতর্কবার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যেই এই উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে রাশিয়া। সেই হিসাব অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই মহাকাশে পৌঁছে যেতে পারে পরমাণু অস্ত্রবাহী এই উপগ্রহ।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটলে তার প্রভাব কোনও নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) ঘুরে বেড়ানো বিপুল সংখ্যক কৃত্রিম উপগ্রহ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে।
জার্মান সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাকাশে এ ধরনের বিস্ফোরণ ঘটলে তৈরি হওয়া তীব্র বিকিরণ ও অন্যান্য প্রভাবের কারণে বহু উপগ্রহ অকেজো হয়ে যেতে পারে। (Nuclear Satellite)এর জেরে আধুনিক যোগাযোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।
এই সম্ভাব্য বিপদের মাত্রা বোঝাতে মার্কিন স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন হোয়াইটিংয়ের একটি সতর্কবার্তার উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তাঁর অনুমান, মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটলে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা প্রায় এক-তৃতীয়াংশ উপগ্রহ কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যেই কাজ করা বন্ধ করে দিতে পারে। শুধু তা-ই নয়, বিস্ফোরণের প্রভাব তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে না। পরবর্তী কয়েক মাস ধরেও একের পর এক উপগ্রহ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মহাকাশে তৈরি হতে পারে দীর্ঘস্থায়ী বিপর্যয়কর পরিস্থিতি।
এই ধরনের ঘটনার প্রভাব শুধু মহাকাশ গবেষণা বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। বর্তমানে দৈনন্দিন জীবনের বহু গুরুত্বপূর্ণ পরিষেবা সরাসরি কৃত্রিম উপগ্রহের উপর নির্ভরশীল। জিপিএস বা উপগ্রহনির্ভর অবস্থান নির্ণয় ব্যবস্থা, মোবাইল যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা এবং আন্তর্জাতিক ব্যাঙ্কিং ব্যবস্থার বিভিন্ন অংশে উপগ্রহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের গ্রিড পরিচালনা, পরিবহণ ব্যবস্থা এবং সামরিক যোগাযোগের ক্ষেত্রেও উপগ্রহের উপর নির্ভর করতে হয় বিভিন্ন দেশকে।
ফলে মহাকাশে পরমাণু বিস্ফোরণের জেরে উপগ্রহ পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হলে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে। নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে গেলে বিমান, জাহাজ এবং স্থলপথের পরিবহণে সমস্যা তৈরি হতে পারে। ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেনের বিভিন্ন পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ গ্রিড এবং সামরিক যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
মার্কিন সামরিক গোয়েন্দাদের আশঙ্কা, একবার এ ধরনের অস্ত্র পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেলে সেটিকে ব্যবহার করা থেকে আটকানোর কার্যকর উপায় খুবই সীমিত থাকবে। অর্থাৎ উৎক্ষেপণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এই কারণেই সম্ভাব্য উৎক্ষেপণের সময়সীমা নিয়ে পশ্চিমী দেশগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।