Supreme Court: 'বাহুবলীর মতো আচরণ বন্ধ করা উচিৎ', ম্যাজিস্ট্রেটকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি বাগচী | Supreme Court slams district Judge for giving punishment a police man - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘বাহুবলীর মতো আচরণ বন্ধ করা উচিৎ’, ম্যাজিস্ট্রেটকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি বাগচী | Supreme Court slams district Judge for giving punishment a police man

Spread the love

Supreme Court: 'বাহুবলীর মতো আচরণ বন্ধ করা উচিৎ', ম্যাজিস্ট্রেটকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি বাগচী

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit: Getty Image

নয়াদিল্লি: জুডিশিয়াল ম্য়াজিস্ট্রেটের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের নির্দেশ পালন না করলেই কোনও পুলিশ আধিকারিককে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা যায় না। আইন মেনে নির্দিষ্ট পদ্ধতিতেই বিচারপ্রক্রিয়া চালাতে হবে। বিহারের ম্যাজিস্ট্রেটের নির্দেশকে কেন্দ্র করে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে ওই ম্যাজিস্ট্রেটের আইনি ক্ষমতা প্রয়োগের পদ্ধতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

এই মামলার ব্যাকগ্রাউন্ড

ঘটনার সূত্রপাত বিহারের একটি মামলাকে কেন্দ্র করে। অভিযোগ, এক পুলিশ আধিকারিককে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট। কিন্তু সেই নির্দেশ পালন না করায় ওই পুলিশ আধিকারিককে দোষী সাব্যস্ত করেন তিনি। শুধু তাই নয়, তাঁকে জরিমানাও করা হয়। এই পদক্ষেপের বৈধতা এবং ম্যাজিস্ট্রেটের ক্ষমতার নিয়েও প্রশ্ন উঠেছে শীর্ষ আদালতে।

মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট করে দেন, আদালতের সামনে সংঘটিত অপরাধ এবং আদালতের নির্দেশ অমান্য করা, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য না বুঝে কোনও ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপ করা যায় না।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ৩৮৪ নম্বর ধারা এবং পুরনো ফৌজদারি কার্যবিধির (CrPC) ৩৪৫ নম্বর ধারার বিষয়বস্তু ও প্রয়োগ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।” এরপর আবার তিনি উদাহরণ দিয়ে বোঝান, কোনও ব্যক্তি যদি আদালত কক্ষে কাউকে চড় মারেন, আদালতকে অপমান করেন অথবা নির্দেশ দেওয়া সত্ত্বেও আদালত কক্ষ ছেড়ে যেতে অস্বীকার করেন, তাহলে তা আদালতের সামনে সংঘটিত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু কোনও পুলিশ আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়ার পর তিনি সেই নির্দেশ পালন না করলে, সেটিকে আদালতের সামনেই সংঘটিত অপরাধ বলে গণ্য করা যায় না। ফলে এই ঘটনায় BNSS-এর ৩৮৪ নম্বর ধারা প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

শুনানিতে বিচারপতি বাগচী আরও প্রশ্ন তোলেন, কীভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারকে আদালতে তলব করলেন? তাঁর অনুপস্থিতিকে আদালতের সামনে সংঘটিত অপরাধ হিসেবে বিবেচনা করলেন? শুধু তাই নয়, একই দিনে তাঁকে দোষী সাব্যস্ত করে জরিমানাও করা হয়।

বিচারপতি এই পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “একজন ম্যাজিস্ট্রেটের কি আদৌ এমন পদক্ষেপ করার ক্ষমতা রয়েছে? বাহুবলীর মতো আচরণ বন্ধ করুন।” শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করে। আইনজীবীকে উদ্দেশ্য করে বেঞ্চ বলে, সংশ্লিষ্ট মামলাকারী এবং ম্যাজিস্ট্রেটকে যেন বোঝানো হয়, তাঁরা যেন নিজেদের বাহুবলীর মতো আচরণ করা বন্ধ করেন।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিচারকের হাতে ক্ষমতা থাকলেও সেটা ইচ্ছেমতো প্রয়োগ করা যায় না। প্রতিটি পদক্ষেপের পিছনে আইনি ভিত্তি এবং নির্দিষ্ট পদ্ধতি থাকা জরুরি। পুলিশ এফআইআর দায়েরের নির্দেশ পালন না করলে তার বিরুদ্ধে আইনসম্মত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই কারণে ঘটনাটিকে আদালতের সামনে সংঘটিত অপরাধ বলে ধরে নিয়ে তাৎক্ষণিক শাস্তি দেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *