Kunal Ghosh: ‘সময়টা আরও এগিয়ে আসতেই পারে’, এই দুঃসময়ে অভিষেককে নিয়ে কোন ভবিষ্যদ্বাণী করলেন কুণাল? | Kunal Ghosh Predicts Abhishek Banerjee Will Become Chief Minister in 2036 Amid TMC Split
কুণাল ঘোষImage Credit: TV9 Bangla
কলকাতা: এক সময় তাঁর কাছে নেত্রীই ছিলেন সর্বস্ব—মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাঁর ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হওয়া হোক বা জনসভার মঞ্চ, মমতার নামের পরপরই অভিষেকের নাম উচ্চারিত হতো কুণাল ঘোষের কণ্ঠে। দীর্ঘদিন অভিষেকের ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চেনা ছবিতে নানা বাঁকবদল চোখে পড়েছে। সাংগঠনিক রণকৌশল ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে টানাপোড়েন ও মতানৈক্য প্রকাশ্যে এসেছে। বিশেষ করে ২০২৬ সালের জুনে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে সাংগঠনিক বদল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে অভিষেক ও কুণালের প্রকাশ্য বাদানুবাদ বেশ চর্চার জন্ম দিয়েছিল। ফলে তাঁদের সম্পর্কের সমীকরণ কখনওই একরৈখিক ছিল না—পরিস্থিতি ও প্রয়োজনে তা যেমন সহযোগিতার রূপ নিয়েছে, তেমনই মতপার্থক্যে প্রকাশ্য বিতর্কেও গড়িয়েছে।
এরই মাঝে অভিষেককে ঘিরে নতুন করে ভবিষ্যদ্বাণী করলেন কুণাল ঘোষ—তাঁর মতে, ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাদ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।”
যদিও এই মন্তব্য নতুন নয়; এর আগেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এপ্রিল মাসে TV9 বাংলার সাক্ষাৎকারে এসে একই কথা বলেছিলেন কুণাল। তিনি বলেছিলেন, “মমতাদির সবটাই, অভিষেকের কৃতিত্ব অনেক। অভিষেক কিন্তু আস্তে আস্তে ধরছে। অভিষেক অনেকটাই তৈরি, আরেকটু সময় গেলে হবে। এখন দেওয়ালে লিখে রেখে দাও, ম্যাক্সিমাম ২০৩৬ সালে অভিষেক মুখ্যমন্ত্রী হবেন।”
তবে ৪ মে-র পর রাজনীতির প্রেক্ষাপট ও পাটিগণিত আমূল বদলে গিয়েছে। একের পর এক নেতা অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন, ভাঙনের মুখে পড়ে তৃণমূল ভেঙে তৈরি হয়েছে আরও দু-দুটো নতুন দল। এমন টালমাটাল ও পরিবর্তিত পরিস্থিতিতে কুণালের এই ভবিষ্যদ্বাণী নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার খোরাক জোগাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেখানে দলের এই পরিস্থিতি, নানান মামলায় ফেঁসে রয়েছেন অভিষেক, সেখানে দাঁড়িয়ে কোন আত্মবিশ্বাস থেকে এমন কথা বললেন কুণাল? প্রশ্ন থেকেই যাচ্ছে।