Iran Nuclear Research: লাগাতার মার্কিন হামলার মধ্যেও পরমাণু চুল্লি বানাচ্ছে ইরান | Iran Claims Breakthrough in Nuclear Fusion Reactor Development Amid US Attacks
প্রতীকী ছবি
তেহরান: ডোনাল্ড ট্রাম্পের সব চেষ্টাই কি তবে জলে গেল? ইরানের বিরুদ্ধে আড়াইশো দিনেরও বেশি দিন ধরে যুদ্ধ করছে আমেরিকা ও ইজরায়েল। দুই মহাশক্তিধর দেশই চেষ্টা চালাচ্ছে তেহরানের পরমাণু সংক্রান্ত সব গবেষণা থামাতে। মিড টার্ম ভোটে হেরেও রিপাবলিকানদের নেতা ট্রাম্প প্রায় রোজই মিসাইল-বোমা ছুড়ছেন ইরানি পরিকাঠামো ধ্বংস করতে। কিন্তু তেহরানের থামার তো কোনও লক্ষণই নেই, উল্টে একের পর মাইলস্টোন স্পর্শ করছে ইরানি পরমাণু গবেষণা সংস্থা। এবার ইরানি অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন এমন এক মাইল ফলক স্পর্শ করল যা বিশ্বে আর কোনও ‘নন-নিউক্লিয়ার’ দেশের নেই।
ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিউক্লিয়ার ফিউশন রি-অ্যাক্টর বানাচ্ছে। নাম টোকা-ম্যাক। অন্য কোনও দেশের কাছ থেকে কোনও সাহায্য নয়, সম্পূর্ণ প্রকল্পই তৈরি করবেন ইরানি বিজ্ঞানীরা। এই প্রকল্পের কাজ শেষ হলে ক্যান্সার-সহ জটিল সব রোগ নির্ণয় ও চিকিৎসা সহজ হয়ে যাবে। জ্বালানি জন্য খনিজ তেলের উপর নির্ভর করতে হবে না। মিটে যাবে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যাও। কিন্তু মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ইরান যদি এত হামলার পরেও একাই নিউক্লিয়ার রি-অ্যাক্টর তৈরি করে ফেলতে পারে, তাহলে পরমাণু বোমা বানাতেও বেশি দেরি করবে না।
তীব্র মার্কিন চাপ সত্ত্বেও পরমাণু সংক্রান্ত গবেষণায় নজিরবিহীন সাফল্য অর্জনের দাবি তেহরানের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির নিউক্লিয়ার ফিউশন সিস্টেম বা পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ইরানের। ইরানি টিভিতে ঘোষণা ইরানি অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মহম্মদ এসলামির। ইরানি গবেষকদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই এই নিউক্লিয়ার ফিউশন সিস্টেম তৈরি হয়ে যাবে বলে আশা। একবার তৈরি হয়ে গেলে ইরান বিশ্বের সব বড় দেশের সঙ্গে আধুনিক প্রযুক্তির নিরিখে পাল্লা দিতে পারবে।
- নিউক্লিয়ার ফিউশন রি-অ্যাক্টরের ভিতরে সূর্যের সমান বিদ্যুৎ ও তাপশক্তি তৈরি হয়। যা প্রচলিত সব শক্তির মধ্যে অনেক নিরাপদ ও পরিবেশবান্ধব
- ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে এই টোকামাক বা নিউক্লিয়ার ফিউশন সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে জোরকদমে
- তেল বা গ্যাস ছাড়াই অত্যন্ত কম খরচে ও পরিবেশবান্ধব বিশাল পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারবে তেহরান
- এই চুল্লি থেকে তৈরি বিশেষ রশ্মি বা রেডিয়েশন ক্যানসার শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ তৈরিতে কাজে লাগবে
- দেশের ভিতরের বিদ্যুৎ চাহিদা ফিউশন থেকে মিটে গেলে ইরান তার মূল্যবান তেল ও গ্যাস বিদেশে বিক্রি করে আরও মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে
পারমাণবিক অস্ত্র নেই এমন গুটিকয়েক দেশই আজ পর্যন্ত নিউক্লিয়ার ফিউশন রি-অ্যাক্টর তৈরি করতে পেরেছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে ইরান-ও সেই এলিট লিস্টে নাম তুলবে। মনে রাখতে হবে, ইরান এমন পরিস্থিতিতে এই প্রযুক্তি তৈরি করছে যখন লাগাতার মার্কিন হামলায় দেশটি প্রায় ছিন্নভিন্ন। সঙ্গে রয়েছে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও।
মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা-
- ফিউশন প্রযুক্তিতে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও নিউট্রন কণা নিয়ে কাজ করা হয়
- এই গবেষণা থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ইরানকে শক্তিশালী থার্মো-নিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা তৈরিতে সাহায্য করতে পারে
- মার্কিন হামলার পর থেকে ইরান রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষকদের প্রবেশ বা তথ্য দেওয়া বন্ধ
- ফলে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় ও কী অবস্থায় আছে, তা কেউ জানে না
- মার্কিন সেনা ওই তেজস্ক্রিয় ইউরেনিয়ামের হদিশ পেতে কয়েক কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করেছে
কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মার্কিন গোয়েন্দাদের অনুমান, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। তারা চাইলে ৯ থেকে ১২ মাসের মধ্যে একটি বোমা বানিয়ে ফেলতে পারে। তবে ওয়াশিংটনের সবচেয়ে বড় আশঙ্কা, ইরান প্রচলিত পারমাণবিক বোমার বদলে আমেরিকাতে কোনও Dirty Bomb বা রাসায়নিক হামলা চালাতে পারে। ডার্টি বোমা পারমাণবিক বিস্ফোরণ না ঘটালেও সাধারণ বিস্ফোরকের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিয়ে ব্যাপক আতঙ্ক ও দূষণ সৃষ্টি করতে পারে। তবে ইরান বরাবরই পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নতুন ফিউশন রি-অ্যাক্টর—সবইল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদন ও চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য।