Bisleri-র জলে ‘বিপজ্জনক’ উপাদান? ‘১৪ মাসে কোনও নোটিস পাইনি’, FSSAI-এর অভিযোগের পরে বিবৃতি সংস্থার - 24 Ghanta Bangla News
Home

Bisleri-র জলে ‘বিপজ্জনক’ উপাদান? ‘১৪ মাসে কোনও নোটিস পাইনি’, FSSAI-এর অভিযোগের পরে বিবৃতি সংস্থার

Spread the love

বাজারে বহুল পরিচিত বোতলবন্দি পানীয় জলের ব্র্যান্ড Bisleri-র জলের নমুনা পরীক্ষায় মিলেছে বিপজ্জনক রাসায়নিক। নমুনাটিকে পান করার অযোগ্য ঘোষণা করেছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতিও দিয়েছে তারা। এই বিতর্কের মধ্যে সোমবার মুখ খুলে নিজেদের পণ্যের গুণমান নিয়ে আশ্বস্ত করল বিসলেরি ইন্টারন্যাশনাল (Bisleri International)। সংস্থার দাবি, তাঁদের জল পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ। উৎপাদিত পানীয় জলের গুণমান বজায় রাখতে একাধিক স্তরে কড়া পরীক্ষা করা হয়। পাশাপাশি, গত ১৪ মাসে FSSAI-এর কাছ থেকে কোনও নোটিসও পায়নি বলে দাবি Bisleri-র। তবে নিয়ামক সংস্থার সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থা।

সোমবার সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘পানীয় জলের নিরাপত্তা Bisleri-র কাছে অগ্রাধিকার। ১০ ধাপের উৎপাদন প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষা করে আমরা কঠোর গুণমান নিয়ন্ত্রণ বজায় রাখি। যথাযথ নিয়ামক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানে FSSAI-কে সহযোগিতা করে যাব।’ সংস্থার বক্তব্য, দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে Bisleri এবং তাদের পানীয় জল ব্যবহারের জন্য নিরাপদ।

কী পাওয়া গিয়েছে পরীক্ষায়?

Bisleri-র দাবি, এই বিতর্কের সূত্রপাত, প্রায় ১৪ মাস আগে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়ায় Bisleri-র উৎপাদন কেন্দ্রে তৈরি একটি ব্যাচের ছ’টি নমুনা সংগ্রহ করেছিল FSSAI। সেই নমুনা পরীক্ষায় প্রথমে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়।

FSSAI-এর দাবি অনুসারে, প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা নির্ধারিত মান পূরণ করলেও ষষ্ঠ নমুনায় প্রতি লিটার জলে মেলে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট, যেখানে অনুমোদিত সীমা ১০ মাইক্রোগ্রাম। এর পরেই ওই পানীয় জলকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়।

২২ নভেম্বর ২০২৫-এ FSSAI-এর এই রিপোর্টের বিরুদ্ধে আবেদন করে Bisleri। এর পরে নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয়। সংস্থার দাবি, দ্বিতীয় পরীক্ষায় ব্রোমেটের মাত্রা অনুমোদিত সীমার মধ্যে পাওয়া গেলেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি মেলে বিসলেরির জলে। এই রাসায়নিকের কয়েকটি যৌগকে বিষাক্ত ও ক্যানসার সৃষ্টির কারণ হিসেবে চিহ্নিত করা হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ব্রোমেট এমন একটি রাসায়নিক যৌগ, যা জল জীবাণুমুক্ত করার কয়েকটি পদ্ধতিতে ব্যবহার করা হয় অনেক সময়ে। কিন্তু নির্ধারিত সীমার বেশি ব্রোমেটের দীর্ঘমেয়াদি সংস্পর্শে কিডনির ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

দুই পরীক্ষার ফলাফলে পার্থক্য থাকায় FSSAI অনুমোদিত একটি ল্যাবেও একই নমুনা পরীক্ষা করায় Bisleri। সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল বলে দাবি সংস্থার।

‘কোনও নোটিস পাইনি’, দাবি Bisleri-র

সংস্থার বক্তব্য, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি স্বাধীন পরীক্ষার রিপোর্ট FSSAI-এর পশ্চিমাঞ্চলীয় দপ্তরে জমা দেওয়া হয়েছিল। তার পরে আর কোনও যোগাযোগ করা হয়নি। এমনকী, ইমেল বা হার্ড কপি—কোনও মাধ্যমেই কোনও নোটিস পায়নি Bisleri। FSSAI-এর ওয়েবসাইটেও সংশ্লিষ্ট নোটিস খুঁজে পায়নি বলে দাবি সংস্থার। সেই কারণেই বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে তারা মনে করেছিল বলে দাবি করেছে সংস্থা।

পাশাপাশি, FSSAI জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার পরে রেফারেল ল্যাবরেটরির পরীক্ষাতেও নমুনাটি খাওয়ার জন্য নিরাপদ নয় বলে চিহ্নিত করা হয়েছে। সেই ভিত্তিতেই Food Safety and Standards Act, 2006 অনুযায়ী সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তবে Bisleri-র একটি নির্দিষ্ট ব্যাচের নমুনার পরীক্ষাতেই মিলেছে এই রেজ়াল্ট। তবে বাজারে থাকা Bisleri-র সমস্ত বোতলবন্দি জল অনিরাপদ, এমন কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি FSSAI।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *