মরু-রাজ্যে পঞ্চায়েতের ফলে উজ্জীবিত, ২০২৮-এ ফের সিএম কুর্সিতে বসতে চান গেহলত? - 24 Ghanta Bangla News
Home

মরু-রাজ্যে পঞ্চায়েতের ফলে উজ্জীবিত, ২০২৮-এ ফের সিএম কুর্সিতে বসতে চান গেহলত?

Spread the love

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার রাতারাতি শতাব্দী প্রাচীন দলে উদ্দীপনা জাগিয়েছে৷ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাট— আগামী বছর দেশের এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের পঞ্চায়েত জয় থেকে ‘মরাল বুস্টার’ পেয়েছে কংগ্রেস৷ এই পরিস্থিতিতে তাত্‍পর্যপূর্ণ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলতের অবস্থান৷

২০২৮–এর শেষের দিকে রাজস্থানের বিধানসভা ভোটগ্রহণ। তার দু’বছর আগে থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সিকে পাখির চোখ করছেন ৭৫ বছরের গেহলত৷ রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের দুরন্ত ফলের সূত্রেই ঘনিষ্ঠ মহলে গেহলতের দাবি, এই ফর্ম ধরে রাখতে পারলে আবার রাজ্যে ক্ষমতায় ফেরা কংগ্রেসের পক্ষে খুব একটা সমস্যার হবে না৷ যদি ২০২৮–এর বিধানসভা ভোটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে কংগ্রেস ক্ষমতায় ফেরে, তাহলে কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী?

মিডিয়ার প্রশ্নের মুখে গেহলতের কৌশলী মন্তব্য, ‘এমন নয় যে আমাকে বারবার মুখ্যমন্ত্রী হতে হবে৷ আমি তিন বার মুখ্যমন্ত্রী ছিলাম৷ সেটা কম নাকি? এই ক্ষেত্রে হাইকম্যান্ডই সিদ্ধান্ত নেবে, দলের স্বার্থে কোনটা ভালো, রাজ্যের জনগণ কী চায়, স্থির করবে হাইকম্যান্ড।’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর দৌড়ে এখন থেকেই নিজেকে রেখে দিলেন পোড় খাওয়া রাজনীতিক গেহলত৷

এর মধ্যেই রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি৷ দলের বিপর্যয়ের কারণ খুঁজতে এ বার রাজস্থানের পঞ্চায়েত, জেলা এবং রাজ্যস্তরের নেতানেত্রীদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তৃণমূলস্তরে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন না হয়ে গেলে দলের ফল এতটা খারাপ হতো না, এমনটাই নাকি মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *