প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নেশন ফার্স্ট’ বার্তায় এগোবে খড়্গপুর আইআইটি
এই সময়, খড়্গপুর: ‘নেশন ফার্স্ট’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দিকনির্দেশই তাঁদের এগিয়ে চলায় পাথেয়। দেশকে বিকশিত ও আত্মনির্ভর করার পাশাপাশি বাংলার উন্নয়নেও সব দিক দিয়ে কাজ করবে খড়্গপুর আইআইটি। শনিবার প্রধানমন্ত্রীর সফর শেষে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন খড়্গপুরের আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী এবং আইআইটির প্রাক্তনী তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।
আইআইটির ডিরেক্টর বলেন, ‘প্রধানমন্ত্রী অনুপ্রাণিত করলেন, বিকশিত ভারতে পৌঁছতে গেলে শুধু স্বপ্ন দেখলেই হবে না। কী ভাবে আমরা স্বপ্নপূরণে এগোতে পারি সেই কাজ করতে হবে।’ তিনি জানান, তিনটি বিষয়ে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথমটি হল, ক্যারেকটার সার্টিফিকেটের পরিবর্তে অ্যাপটিটিউড সার্টিফিকেট তৈরির সফটওয়্যার ডিজাইন করা। কোনও ছাত্র স্কুল থেকে পাশ করে বেরোনোর সময় ক্যারেকটার সার্টিফিকেট দেওয়া হয়।
কিন্তু ছোটো থেকে সেই পড়ুয়ার কোন দিকে ঝোঁক তা যাতে সন্তানের বাবা-মা সফটওয়্যারে আপলোড করতে পারেন, সেই ব্যবস্থা করা জরুরি। যাতে সে বড় হলে কৃত্রিম বুদ্ধিমত্তার সেই ডেটা বিশ্লেষণ করে বোঝা যায়, পড়ুয়াটির মানসিক গঠন ও ইচ্ছে কোন পথে যেতে চাইছে। ভবিষ্যতে সেই পথ বাতলে দিলে পড়ুয়া উপকৃত হবে। দ্বিতীয়, ২০৪৭ সালে ১০০ বছরে পা দেবে স্বাধীন ভারত। সেই সময়ের মধ্যে বিদেশ থেকে আমদানি করা ১০০টি প্রযুক্তি দেশে তৈরি করতে হবে।
এমন উন্নতভাবে তৈরি করতে হবে, যা বিদেশের কাছেও গ্রহণযোগ্য হবে। এটাই হবে বিকশতি ভারতের বড় হাতিয়ার। আর তৃতীয়টি হলো, প্রত্যন্ত গ্রামে যে সমস্ত প্রযুক্তি পৌঁছচ্ছে তা আরও মসৃণ করা। বিশেষত, স্বাস্থ্য ক্ষেত্রে। যে ভাবে অ্যানিমিয়ামুক্ত ভারত এবং টিবি মুক্ত ভারত তৈরির চেষ্টা হচ্ছে। অর্থাৎ চিপ টু শিপ, সব ক্ষেত্রেই বৃহত্তর সাফল্যে পৌঁছনো। রাজ্যের উন্নয়নেও সব ধরনের সাহায্য করতে তৈরি আইআইটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা সুব্রত গুপ্ত জানান, শিল্প হোক বা কৃষি, রাস্তা হোক বা ট্রাফিক নিয়ন্ত্রণ, এ বিষয়ে আগে থেকেই কাজ করে চলেছে খড়্গপুর আইআইটি।
তিনি জানান, বর্তমানে কম জমিতে শিল্প করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ, রাজ্যের বেশিরভাগ জমি দুই ফসলি বা তিন ফসলি। কিছু জমিতে বছরে চারবারও চাষ হয়। সেই জমি নিয়ে শিল্প করলে হয়তো দেখা যাবে, যত কর্মসংস্থান হচ্ছে তা যথেষ্ট নয়। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম জমিতে শিল্প তৈরির পাশাপাশি কর্মসংস্থানের দিকটিও দেখতে হবে।
কৃষিতে রাজ্যের উন্নতির পাশাপাশি ত্রুটির দিক উল্লেখ করে সুব্রত জানান, বর্তমানে যে সেচ পদ্ধতিতে চাষ হয় তাকে ‘ফ্লাড ইরিগেশন’ বলে। এতে জলের অপচয় হচ্ছে। যা বন্ধ করা জরুরি। এই বিষয়ে খড়্গপুর আইআইটি-সহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। পাশাপাশি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণেও খড়্গপুর আইআইটির ভূমিকা রয়েছে। এভাবেই আইআইটিকে রাজ্যের বিভিন্ন সমস্যার সমাধানে বা উন্নয়নে কাজ লাগানোর চেষ্টা হচ্ছে।