নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙা রাসে চমক অভিযাত্রী সঙ্ঘের - 24 Ghanta Bangla News
Home

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙা রাসে চমক অভিযাত্রী সঙ্ঘের

Spread the love

এই সময়, শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে এ বারও চমক দেবে নতুনপাড়া অভিযাত্রী সঙ্ঘ। এ বার তাদের ৫৯তম বর্ষ। ২৪ নভেম্বর, মঙ্গলবার রাস পূর্ণিমা। শান্তিপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নতুনপাড়ায় ওই ক্লাবের স্থায়ী মন্দিরে এ বারও ১৪ ফুট উচ্চতার নারায়ণের পুজো করা হবে। শান্তিপুরে ভাঙা রাসে (২৬ নভেম্বরের শোভাযাত্রায়) দর্শনার্থীদের চমক দিতে তৈরি ক্লাবের কর্তারা।

পুজো কমিটির যুগ্ম-সম্পাদক শুভ হালদার বলেন, ‘কেরালার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাজনা ‘থামবোলাম’-কে আনা হচ্ছে। মণ্ডপে বাজনা আসবে বুধবার। বৃহস্পতিবার শোভাযাত্রায় থামবোলাম-সহ মোট ৬ দলের বাজনা থাকবে। থাকবে ইংলিশ ব্যান্ড, চরবরি এবং তাসা দল। শোভাযাত্রার লাইভে থাকবে মহিলা ব্যান্ড এবং একটি ইন্সট্রুমেন্ট ব্যাণ্ড।’ পুজো কমিটির অন্য কর্তা বিক্রম সাধু বলেন, ‘ভাঙা রাসে এ বার বারোয়ারি ক্লাবগুলোর মধ্যে আমরাই সেরা চমক দেবো।

দীপাবলিতে অমিতাভ বচ্চনের বাড়ি আলোয় সাজাতে চন্দননগরের যে আলোকশিল্পী ডাক পান, প্যারিসে ও দুবাইয়ে যাঁর আলোকসজ্জা প্রশংসা কুড়িয়েছিল, কলকাতার শ্রীভূমি স্পোর্টিংয়ে দুর্গাপুজোয় যাঁর আলোকসজ্জা মানুষ দেখে তৃপ্ত, সেই বাবু পালের কর্মীরা আমাদের শোভাযাত্রায় আলোর খেলা দেখাবেন। এ ছাড়াও চন্দননগরের আলোকশিল্পী চিকু বিশ্বাসের লাইটও থাকবে। আলো এবং বাজনায় বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরব আমারা। আমাদের সে দিনের থিম শান্তিপুর রাস কার্নিভাল।

সীতাহরণ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অশ্বত্থামা বধ, দুর্গতিনাশিনী দুর্গা, ড্রাগন ইত্যাদি তুলে ধরা হবে লাইটিংয়ে। মৎস্যকন্যা এবং হাতির দু’টি লাইভ ট্যাবলো থাকবে শোভাযাত্রায়।’ রাস উৎসবে বস্ত্র বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *