হাসিনাকে ফেরানো নিয়ে ঢাকার দাবি, পাল্টা কী যুক্তি ভারতের? - 24 Ghanta Bangla News
Home

হাসিনাকে ফেরানো নিয়ে ঢাকার দাবি, পাল্টা কী যুক্তি ভারতের?

Spread the love


ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ এবার এসে পড়ল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কেও। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও তাঁর বক্তব্যের জবাবে কোনও সংঘাতে না গিয়ে সতর্ক অবস্থান বজায় রাখল নয়াদিল্লি। একইসঙ্গে শেখ হাসিনার দেশে ফেরা এবং নতুন পাসপোর্টের আবেদন ঘিরেও দুই দেশের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতির জন্য বিদেশে আশ্রয় নেওয়া দলীয় নেতাদের দায়ী করেছেন তারেক রহমান। তাঁর অভিযোগ, প্রতিবেশী দেশে আশ্রিত নেতারা সেখানকার কর্তৃপক্ষের মদতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সেই দেশের স্বার্থরক্ষার জন্যই তাঁরা নতুন করে অশান্তি তৈরির চেষ্টা করছেন। তাঁর এই বক্তব্যে ভারতের দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিযোগ নিয়ে কোনও বিতর্কে জড়াতে চায়নি ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির কোনও বক্তব্য নেই। বরং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। পারস্পরিক ইতিহাস ও সাংস্কৃতিক যোগাযোগের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী ভারত।

এদিকে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টিও নতুন করে কূটনৈতিক আলোচনার কেন্দ্রে। বাংলাদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে নতুন পাসপোর্ট চেয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু ঢাকার তরফে সেই আবেদন মঞ্জুর করা হয়নি। বাংলাদেশের বক্তব্য, হাসিনাকে দেশে ফেরাতে হলে ভারতকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে।

এই শর্ত নিয়েই আপত্তি রয়েছে নয়াদিল্লির কূটনৈতিক মহলে। সূত্রের দাবি, প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে ঢাকার তরফে প্রত্যাবর্তনের বিষয়টি দীর্ঘায়িত করার চেষ্টা হতে পারে। হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের সামনে নতুন জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ভারতীয় কূটনীতিকদের যুক্তি, কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে অন্য দেশে ফেরানোর পরিস্থিতি তৈরি হলে প্রত্যর্পণ চুক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু কোনও ব্যক্তি যদি নিজের দেশেই ফিরে যেতে চান, তাহলে তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাঠানোর যৌক্তিকতা কোথায়? তাঁদের মতে, বিদেশে অবস্থান করলেও নিজের দেশে ফেরার অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে। ফলে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ঢাকা ও দিল্লির অবস্থানের ফারাক আপাতত স্পষ্ট।

ভারতের সঙ্গে রেষারেষি! গঙ্গার জল নিয়ে ফের এক টেবিলেই বাংলাদেশ

হাসিনার ফেরার খবরে উত্তাল বাংলাদেশ: ইউনূসের বাড়িতে আগুন, কড়া বার্তা তারেক রহমানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *