সনিয়া কি মারুতির ৫০% মালিক ছিলেন? ইন্দিরা জমানা নিয়ে বিস্ফোরক দাবি দুবের - 24 Ghanta Bangla News
Home

সনিয়া কি মারুতির ৫০% মালিক ছিলেন? ইন্দিরা জমানা নিয়ে বিস্ফোরক দাবি দুবের

Spread the love


নয়াদিল্লি: সত্তরের দশকে সঞ্জয় গান্ধীর মারুতি গাড়ি প্রকল্প ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এ বার তাঁর নিশানায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। মারুতি প্রকল্পের সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থায় সনিয়ার মালিকানা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, সরকারি ক্ষমতা ব্যবহার করে গান্ধী পরিবারের ব্যবসায়িক স্বার্থকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল।

সমাজমাধ্যম X-এ ‘Congress’s Dark Chapter’ শীর্ষক ধারাবাহিকের ২৫০তম পর্বে এই অভিযোগগুলি সামনে আনেন দুবে। তাঁর দাবি, বিদেশি নাগরিক থাকাকালীনই সনিয়া গান্ধী মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (MTS)-এর ডিরেক্টর ও ৫০ শতাংশ শেয়ারহোল্ডার হয়েছিলেন। ভারতীয় সংস্থার পরিচালকের পদে কোনও বিদেশি নাগরিকের থাকার ক্ষেত্রে তৎকালীন নিয়মে কী বিধিনিষেধ ছিল, সেই প্রশ্নও তুলেছেন বিজেপি সাংসদ।

দুবে দাবি করেছেন, ১৯৭০ সালের ২১ নভেম্বর সঞ্জয় গান্ধী এবং মারুতি টেকনিক্যাল সার্ভিসেসের মধ্যে একটি চুক্তি হয়েছিল। অথচ তাঁর বক্তব্য অনুযায়ী, সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ১৯৬৮ সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত চিঠি পেয়েছিল। এমনকী, ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার তরফে সনিয়ার সংস্থাকে গাড়ি তৈরির অনুমতি দেওয়ার জন্য বিশেষ নির্দেশ জারি হয়েছিল বলেও অভিযোগ তাঁর।

বিজেপি সাংসদের আরও দাবি, ১৯৭২ সালের ৩ এপ্রিল মারুতি প্রকল্পের প্রয়োজনে সঞ্জয় গান্ধী সরকারি খরচে বিদেশ সফর করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দুবের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী আর কে ধবন এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর দফতরে কীভাবে একটি বেসরকারি সংস্থার অফিসের ব্যবস্থা হয়েছিল, তা নিয়েও ব্যাখ্যা চেয়েছেন তিনি।

মারুতি প্রকল্পের জন্য জমি বরাদ্দের বিষয়টিও তাঁর অভিযোগের তালিকায় রয়েছে। দুবের দাবি, হরিয়ানার তৎকালীন নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিকের নামে জমি বরাদ্দের সুযোগ ছিল না। তা সত্ত্বেও ১৯৭০ সালে সনিয়ার নামে কীভাবে জমি বরাদ্দ হয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এ ছাড়াও ব্যাঙ্ক জাতীয়করণের সিদ্ধান্তের সঙ্গে গান্ধী পরিবারের সংস্থাগুলিকে ঋণ দেওয়ার কোনও যোগ ছিল কি না, তা জানতে চেয়েছেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, মারুতি সংস্থার উৎপাদন শুরু হওয়ার আগেই বিভিন্ন রাজ্য সরকারকে বাসের বডি তৈরির জন্য সংস্থাটিকে অগ্রিম টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সরকারি সংস্থাগুলির কাছ থেকে মারুতি কীভাবে সিমেন্ট, ইস্পাত ও কয়লার মতো শিল্পের প্রয়োজনীয় সামগ্রী বিনা পয়সায় পেয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন দুবে। তাঁর বক্তব্য, ব্যক্তিগত বিনিয়োগ ছাড়াই কীভাবে এত বড় ব্যবসায়িক উদ্যোগ গড়ে উঠেছিল এবং তার পিছনে সরকারি সহায়তার ভূমিকা কতটা ছিল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

শেষে সনিয়া গান্ধীর উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। নিজের বইয়ে মারুতি প্রকল্পের সঙ্গে তাঁর সংস্থার সম্পর্ক, বিনিয়োগের উৎস এবং তৎকালীন সরকারের কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, সঞ্জয় গান্ধীর মারুতি প্রকল্প নিয়ে ১৯৭৭ সালে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেই পুরনো বিতর্কই দুবের সাম্প্রতিক মন্তব্যে নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে।

 

ভারতের সঙ্গে রেষারেষি! গঙ্গার জল নিয়ে ফের এক টেবিলেই বাংলাদেশ

দিল্লিতে পাক মন্ত্রীকে অভ্যর্থনা! এসসিও প্রোটোকল ঘিরে বিতর্ক খারিজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *