ভারতের উত্থান ঠেকাতে চিনের ছক! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি: এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে ভারতের ক্রমবর্ধমান শক্তি চিনের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।(China Strategy) আর সেই কারণেই সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত একাধিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি আটকে দেওয়ার চেষ্টা করছে বেজিং। এমনই বিস্ফোরক দাবি উঠে এল মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ প্যানেলের সাম্প্রতিক রিপোর্টে।
ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্থান ঠেকাতে একাধিক দিক থেকে চাপ তৈরি করছে চিন। শুধু সীমান্তে সামরিক শক্তি প্রদর্শন নয়, শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করেও নয়াদিল্লিকে চাপে রাখার কৌশল নিয়েছে শি জিনপিংয়ের দেশ। এমনকী, গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চিনের সামরিক সহযোগিতার বিষয়টিকেও এই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখেছে মার্কিন কমিশন।
আরও দেখুনঃ নিজামুদ্দিনে না! পাক মন্ত্রীকে তাজমহল দর্শনের অনুমতি মোদী সরকারের
প্রতিবেদনে ভারতের কৌশলগত গুরুত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। (China Strategy)মার্কিন কংগ্রেসের কাছে সরাসরি রিপোর্ট পেশ করা এই কমিশনের মতে, এশিয়ায় চিনের প্রভাব মোকাবিলায় আমেরিকার সামরিক জোটের বাইরে থাকা হাতে গোনা কয়েকটি শক্তিশালী দেশের মধ্যে ভারত অন্যতম।
দীর্ঘমেয়াদে এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন করার মতো সামর্থ্য রয়েছে নয়াদিল্লির। পাশাপাশি চিনের বিকল্প উৎপাদন কেন্দ্র এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও ভারতের সম্ভাবনা রয়েছে। কমিশনের বক্তব্য, এই বাস্তবতা বেজিংও ভালোভাবেই বোঝে। তাই একাধিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি সীমিত করার চেষ্টা করছে চিন।
এই প্রসঙ্গে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে চিনের দাঁড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর অভিযানের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের সামরিক সংঘাত তৈরি হয়েছিল। মার্কিন কমিশনের মতে, সেই সংঘাত দেখিয়ে দিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও কীভাবে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করতে পারে চিন।
দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের সঙ্গে বেজিংয়ের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। (China Strategy)তবে অপারেশন সিঁদুরের সময় সেই সহযোগিতা আরও গভীর হয়েছিল বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বিশেষ করে পাকিস্তানের সামরিক সরঞ্জাম পরিচালনা এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে চিনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্যানেল।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছর চিন প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেছে যে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছিল। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঝাং হেং নামে এক চিনা ইঞ্জিনিয়ার দাবি করেছিলেন, তিনি এমন একটি দলের সদস্য ছিলেন, যারা সংঘাত চলাকালীন পাকিস্তান বায়ুসেনাকে প্রযুক্তিগত সাহায্য দিয়েছিল।
তাঁর বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের ব্যবহৃত সামরিক সরঞ্জাম যাতে সম্পূর্ণ যুদ্ধক্ষমতা নিয়ে কাজ করতে পারে, সেটাই ছিল তাঁদের লক্ষ্য। বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা চিনা J-10CE যুদ্ধবিমানের কার্যকারিতা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় এসেছে। এর আগে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংও দাবি করেছিলেন, সংঘাতের সময় ভারতের সামরিক অবস্থান সম্পর্কে পাকিস্তানকে রিয়েল টাইম তথ্য সরবরাহ করেছিল চিন। মার্কিন কমিশনের মতে, পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে চিনা প্রযুক্তির উপস্থিতি নতুন কিছু নয়। কিন্তু চিনা ইঞ্জিনিয়ারদের সরাসরি উপস্থিতি দুই দেশের সামরিক সহযোগিতার আরও গভীর স্তরের ইঙ্গিত দেয়।
ভারত-চিন সীমান্ত পরিস্থিতিও মার্কিন রিপোর্টে উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালে পূর্ব লাদাখে দীর্ঘ চার বছরের অচলাবস্থার অবসানে দুই দেশ সমঝোতায় পৌঁছলেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক এলাকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC বরাবর সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী করছে বেজিং। দ্রুত সেনা মোতায়াতের সুবিধার জন্য নতুন বিমানঘাঁটি, রেলপথ এবং সামরিক রসদ পরিবহণের পরিকাঠামো সম্প্রসারণের কথাও তুলে ধরেছে কমিশন। ভারত মহাসাগরীয় অঞ্চলেও চিনের নৌবাহিনীর উপস্থিতি এবং নজরদারি কার্যকলাপ বৃদ্ধি নিয়ে সতর্ক করা হয়েছে।
তবে মার্কিন কমিশনের মতে, চিনের সবচেয়ে কার্যকর চাপ তৈরির হাতিয়ার শুধুমাত্র সামরিক শক্তি নয়, অর্থনীতিও। (China Strategy)শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাঁচামাল, প্রযুক্তি এবং বিশেষজ্ঞ কর্মীদের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে ভারতের উৎপাদন ক্ষেত্রকে চাপে রাখার চেষ্টা করছে বেজিং।
রিপোর্টে দাবি করা হয়েছে, গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও পণ্যের রফতানিতে বিধিনিষেধ আরোপ, ভারতে কর্মরত চিনা ইঞ্জিনিয়ারদের ফিরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে বাধা দেওয়ার মত পদক্ষেপ ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের গতিকে প্রভাবিত করছে। বিশেষ করে ওষুধ তৈরির কাঁচামালের ক্ষেত্রে চিনা সংস্থাগুলির মূল্য নির্ধারণের কৌশল ভারতীয় সংস্থাগুলির সামনে প্রতিযোগিতার সমস্যা তৈরি করছে। চিনা সংস্থাগুলি রাসায়নিক ও অন্যান্য উপকরণের দাম কমিয়ে দেওয়ায় নতুন ভারতীয় উৎপাদনকারী সংস্থাগুলির পক্ষে বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া ব্যাটারি প্রযুক্তি এবং পরিষ্কার শক্তি উৎপাদনের ক্ষেত্রেও চিনের রফতানি নিয়ন্ত্রণ ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে কমিশন। কারণ, বৈদ্যুতিক গাড়ি এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে ব্যাটারি প্রযুক্তির সরাসরি সম্পর্ক রয়েছে।
যদিও এই পরিস্থিতিতে ভারতও নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং সংবেদনশীল শিল্পক্ষেত্রে চিনা সংস্থার অংশগ্রহণ নিয়ন্ত্রণের পাশাপাশি আমেরিকা ও অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে নয়াদিল্লি।