‘বাবার কোলে মা!’ ট্যাবুতে আঘাত না সংস্কৃতি বিরোধী? রাহুলের বক্তব্য ঘিরে আড়াআড়ি বিভাজন
প্রগতিশীলতার সংজ্ঞা নিয়েই পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, ‘বাড়ির বেডরুম সকলের সামনে হাট করে খুলে দেওয়ার মানে প্রগতিশীলতা নয়। আমাদের ভারতীয় সংস্কৃতিতে বেশ কিছু অলিখিত নিয়ম রয়েছে, যা নিয়ে আমরা খুবই গর্বিত। এমন কিছু কথা, কিছু আচরণ আছে যা আমরা সকলের সামনে আনি না। রাহুল গান্ধীর ওই বক্তব্যের পরে সনিয়াজিও বিব্রত বোধ করছিলেন। এটা কি প্রকাশ্যে বলার মতো কথা?’
রাহুল অবশ্য এই বিতর্কের ঢেউ আছড়ে পড়ার পরে প্রাচীন ভারতের দেবদেবীদের আশ্রয় নিয়েছেন। খাজুরাহো মন্দিরের অলংকরণে শিবের কোলে পার্বতীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রশ্ন তুলেছেন, ‘খাজুরাহোর থেকেও পুরোনো কোনও ভারতীয় সংস্কৃতি আছে নাকি?’ পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী অবশ্য মনে করেন, রাহুলকে ট্রোল করা আর তার জবাবে রাহুলের দেবদেবীর উদাহরণ টানা দুটোই অনুচিত। কেন? নৃসিংহপ্রসাদের কথায়, ‘রাহুল যা দেখেছেন তাই বলেছেন। এ নিয়ে অযথা বিতর্কের কিছু নেই। আবার মন্দিরের প্রসঙ্গ টানাও কাজের কথা নয়। কারণ খাজুরাহো–সহ বিভিন্ন মন্দিরের বাইরে শৃঙ্গার–মধুর দৃশ্য গর্ভগৃহের থেকে আলাদা। মানুষের অন্তরে ঈশ্বরের বসবাস আর বাইরে শৃঙ্গার–সহ আরও নানা কিছু সাময়িক, সেটা রূপকার্থে ব্যবহার করতেই মন্দিরের গায়ে অমন ভাস্কর্য থাকে। তাই তার উদাহরণ যুক্তিযুক্ত নয়।’