নিজামুদ্দিনে না! পাক মন্ত্রীকে তাজমহল দর্শনের অনুমতি মোদী সরকারের - 24 Ghanta Bangla News
Home

নিজামুদ্দিনে না! পাক মন্ত্রীকে তাজমহল দর্শনের অনুমতি মোদী সরকারের

Spread the love


নয়াদিল্লি: ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের মাটিতে পা রেখেছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মুসাদ্দিক মালিক(Musadik Malik)। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে তাঁর আগ্রা সফরের আবেদনে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। (Musadik Malik)অর্থাৎ, ঐতিহাসিক তাজমহল ঘুরে দেখার অনুমতি পেয়েছেন পাক মন্ত্রী। তবে রাজধানী দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা থাকলেও সেই অনুমতি মেলেনি। সংবাদমাধ্যম NDTV-র প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা এবং যাতায়াত সংক্রান্ত কিছু সমস্যার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আরও দেখুনঃ

সূত্রের খবর, ভারতে আসার আগে বা সফর চলাকালীন মুসাদ্দিক মালিক তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই অনুযায়ী ভারত সরকারের কাছে প্রয়োজনীয় অনুমতিও চাওয়া হয়। কিন্তু দুই জায়গায় যাওয়ার আবেদনের মধ্যে শুধুমাত্র তাজমহল সফরেই সম্মতি দেওয়া হয়েছে। নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে মূলত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং যাতায়াতের ব্যবস্থাপনাকে কারণ হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র। ফলে আগ্রায় বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য দেখার সুযোগ পেলেও দিল্লির ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা আপাতত বাস্তবায়িত হচ্ছে না পাক মন্ত্রীর।

উল্লেখ্য, ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতেই ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক মন্ত্রী হিসেবে তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

বিভিন্ন দেশের মধ্যে সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্যেই এই মঞ্চের আয়োজন। ভারত এই সম্মেলনের আয়োজক দেশ হওয়ায় SCO-র সদস্য রাষ্ট্রগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের তালিকায় পাকিস্তানও ছিল।

এই সফরের বিশেষ কূটনৈতিক গুরুত্ব রয়েছে। (Musadik Malik)কারণ, ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত SCO-র বৈঠকে তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। পাশাপাশি ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এবং দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার পর এটিই কোনও পাকিস্তানি নেতার প্রথম ভারত সফর। ফলে এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ভারত সরকার ঘোষণা করেছিল যে SCO-র সমস্ত সদস্য দেশকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতি মেনেই পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। ইসলামাবাদের তরফে জানানো হয়েছিল, পারস্পরিক সম্মান বজায় রেখে সভ্যতার মধ্যে সংলাপ এবং সাধারণ মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে SCO-র মঞ্চকে তারা গুরুত্ব দেয়।

ভারতে এসে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন পাক মন্ত্রী। (Musadik Malik)সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর আশা, সব দেশের মধ্যেই সম্পর্কের উন্নতি হবে। আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মধ্যে কথোপকথন চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হওয়াকে তিনি ইতিবাচক বলেও উল্লেখ করেন।

তবে মুসাদ্দিক মালিকের ভারত সফর নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্কও তৈরি হয়েছে। বিরোধী দলগুলি পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছে। তাদের বক্তব্য, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল, তার পর হঠাৎ এই ধরনের কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তা কী? সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার বিষয়ে মুসাদ্দিক মালিকের অতীতের আক্রমণাত্মক মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *