ঘণ্টার পর ঘণ্টা যানজট থেকে মুক্তি, গঙ্গার উপর ‘নীতীশ সেতু’-র উদ্বোধনে প্রধানমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

ঘণ্টার পর ঘণ্টা যানজট থেকে মুক্তি, গঙ্গার উপর ‘নীতীশ সেতু’-র উদ্বোধনে প্রধানমন্ত্রী

Spread the love

Nitish Kumar and Narendra Modi

শনিবার বিহারের বৈশালী জেলায় ছয় লেনের ‘নীতীশ সেতু’-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে এই সেতুর নামকরণ হয়েছে। গঙ্গার উপর ৪,২৮০ কোটি টাকা খরচে তৈরি এই সেতু বৈশালীর বিদুপুরকে পাটনার কাচ্চি দরগার সঙ্গে যুক্ত করেছে। এর ফলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ এখন আরও সহজ। এ দিন দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সেতুটি পরিদর্শন করেন। এর পরে দুপুর ২টোয় বৈশালীর সভা থেকে প্রায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। সেই তালিকাতেই রয়েছে ‘নীতীশ সেতু’।

Nitish Setu, an extra-dosed cable-stayed bridge over the River Ganga

নীতীশ সেতুর গঠন ও আধুনিক প্রযুক্তি

সেতুর দৈর্ঘ্য ১৯.৭৬ কিলোমিটার। এই সেতু পাটনার ২২ নম্বর জাতীয় সড়কের (NH-22) কাচ্চি দরগাকে বৈশালীর ৩২২ নম্বর জাতীয় সড়কের (NH-322) বিদুপুরের সঙ্গে জুড়েছে। অত্যাধুনিক ‘এক্সট্রাডোজ়ড কেবল-স্টেড’ প্রযুক্তিতে তৈরি এই সেতু প্রায় ৩২ মিটার চওড়া। এই সেতুর দুই স্তম্ভের মাঝে ১৫০ মিটার দূরত্ব রাখা হয়েছে। যান চলাচলের সুবিধার্থে সেতুর দু’দিকে তিনটি করে মোট ছয়টি লেন রয়েছে।

Nitish Setu Bridge

কমবে যানজট, বদলাবে ছবি

নতুন এই সেতু চালু হওয়ায় পাটনার মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর উপর চাপ অনেকটাই কমবে। উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াতের সময়ও বাঁচবে। সবচেয়ে বেশি উপকৃত হবেন রাঘোপুর দিয়ারার বাসিন্দারা। এই সেতুতে ওঠা-নামার জন্য তৈরি হয়েছে বিশেষ র‍্যাম্প। ফলে ওই এলাকার মানুষ সহজে পাটনায় যাতায়াত করতে পারবেন।

Nitish Setu Bridge

চাঙ্গা হবে উত্তর বিহারের কৃষি ও ব্যবসা

শুধু যাত্রী পরিবহণ নয়, ব্যবসা-বাণিজ্যেও গতি আনতে চলেছে এই সেতু। উত্তর বিহারের ফসল দ্রুত বাজারে পৌঁছতে পারবেন কৃষকরা। বিশেষ করে লিচু, কলা, ভুট্টা এবং সব্জি পরিবহণের সমস্যা মিটবে। এ ছাড়াও শিল্পপণ্য পরিবহণও অনেক সহজ হবে। প্রশাসনের আশা, বিদুপুর-কাচ্চি দরগা করিডোর আগামী দিনে পর্যটন ও লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। এর ফলে রাজ্যে নতুন বিনিয়োগও আসবে।

Nitish Setu Bridge

১৫ হাজার ৬০০ কোটির প্রকল্পের উদ্বোধন

এ দিন বৈশালী থেকে ১৫,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হলো ১৯ নম্বর জাতীয় সড়কের (NH-19) ঔরঙ্গাবাদ-চোরদাহা অংশ ছয় লেন করা। এ ছাড়া ২২৭এফ জাতীয় সড়কের (NH-227F) চোরমা-বৈরগনিয়া এবং ৩২৭ নম্বর জাতীয় সড়কের (NH-327) উমাগাঁও-সহর্সা অংশের কাজেরও উদ্বোধন হয়েছে।

Nitish Setu Bridge

বিদ্যুৎ, সেচ ও পরিকাঠামো উন্নয়ন

বিদ্যুৎ ক্ষেত্রে বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রের (১,৩২০ মেগাওয়াট) ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করেন মোদী। পাশাপাশি ১,১৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিদ্যুৎ বণ্টন ও সংস্কার প্রকল্পের (RDSS) সূচনা হয়। এ ছাড়া বিহারের খাল ও নদীবাঁধ সংস্কার, সৌরবিদ্যুৎ প্রকল্প এবং নিকাশি ব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Nitish Setu Bridge

শহুরে পরিকাঠামো ও উচ্চশিক্ষায় জোর

বেগুসরাই, বিহারশরিফ, পূর্ণিয়া, হাজিপুর, মোতিহারি, দানাপুর, খাগারিয়া, সমস্তিপুর, বোধগয়া, সীতামঢ়ি ও সহর্সা-সহ একাধিক শহরে পানীয় জল ও নিকাশি প্রকল্পেরও শিলান্যাস হয়েছে এ দিন।

Nitish Setu Bridge

১০০ ই-বাস ও ২৬ হাজার পরিবারের গৃহপ্রবেশ

পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থায় জোর দিতে এ দিন ১০০টি ‘পিএম-ইবাস’ (PM-eBus)-এর যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর আওতায় ২৬,৯০০-রও বেশি উপভোক্তার গৃহপ্রবেশ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে এ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *