Ritobrata-Sovandeb: এতদিনে এবার ঋতব্রতদের বিরুদ্ধে ক্রিমিন্যাল অফেন্সের মামলা করতে থানায় শোভনদেব, যা শুনতে হল তাঁকে… | Sobhandeb Chattopadhyay Files Police Complaint Against Ritabrata Banerjee, Akruzzaman; Cops Refuse
শোভনদেব চট্টোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
কলকাতা: মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অসাংবিধানিক ও বেআইনিভাবে পদ আঁকড়ে থেকে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় গিয়ে ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যান তিনি। তবে পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় তাঁকে।
ঘটনার সূত্রপাত কলকাতা হাইকোর্টের একটি অন্তর্বর্তী নির্দেশকে কেন্দ্র করে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে অস্থায়ী মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল। দুই মাসের সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ গত চলতি বছরের ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে।
শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, আদালতের ওই নির্দেশের মেয়াদ আর বাড়ানো হয়নি। ফলে বর্তমানে ওই দুই নেতার সংশ্লিষ্ট পদে থাকার কোনও আইনি বৈধতা নেই। তা সত্ত্বেও তাঁরা বেআইনিভাবে সরকারি গাড়ি, বেতন এবং বিধানসভার দফতর-সহ যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে চলেছেন। এই ঘটনাকে ‘সম্পূর্ণ অপরাধমূলক কাজ’ (ক্রাইম) বলে অভিহিত করে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার দাবি নিয়ে এদিন হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন শোভনদেব।
থানা থেকে বেরিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, পুলিশ তাঁর অভিযোগ নেয়নি। থানার তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি বিধানসভার এক্তিয়ারভুক্ত এবং এতে বিধানসভার অধ্যক্ষের হস্তক্ষেপ প্রয়োজন, তাই পুলিশ কোনও অভিযোগ গ্রহণ করবে না। পুলিশের এই অবস্থানের পর এবার বিষয়টি নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বর্ষীয়ান এই তৃণমূল বিধায়ক।
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সময় পেরিয়ে যাওয়ার পরও একই বেতন, একই সুবিধা ভোগ করে আসছে। তার জন্য তাঁদের বিরুদ্ধে ক্রিমিন্যাল অফেন্সের অভিযোগ নিয়ে এসেছিলাম। কিন্তু প্রশাসন তো নিজের মতো চলে না। আমাকে বলা হল, স্পিকারকে জমা দিন, এটা স্পিকারের এক্তিয়ারের মধ্যে পড়ে, আমাদের পড়ে না। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।”
গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক আখরুজ্জামানের পাল্টা বক্তব্য, “শোভনদেববাবুকে বর্ষীয়ান নেতা বলে জানতাম। যতদিন দিন যাচ্ছে, অভিজ্ঞতা পাল্টে যাচ্ছে। যে নেতা বিরোধী দলনেতা গঠনের সংসদীয় রীতিনীতি জানে না, সেখানে আমি, ঋতব্রত শোভনদেববাবুর বদান্যতায় নেই। আমাদের মেজরিটি , মেম্বার, স্পিকার স্বীকৃতি দিয়েছে। ওনার কাছে বলার থাকলে স্পিকারের কাছে জমা দিতে পারতেন।”
এদিকে, এদিনই কলকাতা হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সংক্রান্ত মামলার শুনানি ছিল। হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা ঘোষণার পর স্পিকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলার শুনানি শেষ।