Olimpia Law: ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা, সেই মেয়ের লড়াই থেকেই তৈরি ‘অলিম্পিয়া আইন’ | Who Is Olimpia Coral Melo? How Her Private Video Leak Led to Mexico’s ‘Olimpia Law’ Against Cyber physical Harassment - 24 Ghanta Bangla News
Home

Olimpia Law: ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা, সেই মেয়ের লড়াই থেকেই তৈরি ‘অলিম্পিয়া আইন’ | Who Is Olimpia Coral Melo? How Her Private Video Leak Led to Mexico’s ‘Olimpia Law’ Against Cyber physical Harassment

Spread the love

Olimpia Law: ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে পড়ায় আত্মহত্যার চেষ্টা, সেই মেয়ের লড়াই থেকেই তৈরি ‘অলিম্পিয়া আইন’

অলিম্পিয়াImage Credit: Tv9 Bangla

মেক্সিকো: ১৮ বছর বয়সে প্রেমিকের সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও তাঁর অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে বদলে যায় অলিম্পিয়ার জীবন। পরিচিতি হয়ে ওঠে ‘পুয়েবলার আবেদনময়ী মোটা মেয়ে’। শুরু হয় কটাক্ষ, অশালীন মন্তব্য এবং লাগাতার অনলাইন হেনস্থা। গভীর অবসাদে চলে যান অলিম্পিয়া। আট মাস বাড়ি থেকে বেরোননি। এমনকী, তিনবার আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাই পরবর্তীতে মেক্সিকোয় সাইবার যৌন হেনস্থার বিরুদ্ধে আইন তৈরির আন্দোলনে পরিণত হয়। আজ সেই আইনই পরিচিত ‘অলিম্পিয়া আইন’ নামে। বিবিসি বাংলার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

একটি ভিডিয়ো বদলে দিয়েছিল জীবন

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সে ছয় বছরের প্রেমিকের সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিয়ো তৈরি করেছিলেন অলিম্পিয়া। কিন্তু সেই ভিডিয়ো কীভাবে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে, তা তাঁর কাছে স্পষ্ট ছিল না। ভিডিয়োতে শুধু অলিম্পিয়াকেই দেখা যাচ্ছিল। তাঁর প্রেমিকও ভিডিয়ো ছড়ানোর অভিযোগ অস্বীকার করেন।

এরপরই শুরু হয় নানা জল্পনা। স্থানীয় সংবাদপত্র থেকে সোশ্যাল মিডিয়া-সর্বত্র আলোচনার বিষয় হয়ে ওঠে অলিম্পিয়ার ব্যক্তিগত জীবন। সংবাদপত্রের প্রথম পাতায় তাঁর ছবি ও ঘটনা প্রকাশিত হয়। তাঁকে নিয়ে অশালীন মন্তব্য শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা। মেক্সিকোর পুয়েবলা প্রদেশের হুয়াউচিনাঙ্গো এলাকার সঙ্গে মিলিয়ে তাঁকে ডাকা হতে থাকে ‘হুয়াউচিনাঙ্গোর আবেদনময়ী মোটা মেয়ে’ বলে।

এই লাগাতার অপমান ও হেনস্থার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন অলিম্পিয়া। নিজেকে ঘরবন্দি করে ফেলেন। আট মাস বাড়ির বাইরে বেরোননি। তিনবার আত্মহত্যার চেষ্টাও করেন।

মায়ের কথাতেই বদলে যায় ভাবনা

পরিবারের কাছে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন অলিম্পিয়া। কিন্তু একদিন তাঁর ১৪ বছরের ভাই পরিবারের সামনেই ভিডিওটির কথা জানিয়ে দেয়। কান্নায় ভেঙে পড়েন মা। মায়ের কাছে ক্ষমা চেয়ে অলিম্পিয়া জানান, তিনি আর বাঁচতে চান না।

কিন্তু সেই সময় তাঁর মা যে কথা বলেছিলেন, তা অলিম্পিয়ার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেয়। মা তাঁকে বোঝান, যৌন সম্পর্কে জড়ানো কোনও অপরাধ নয়। নিজের যৌনতা উপভোগ করার জন্য তিনি খারাপ মানুষ বা অপরাধী হয়ে যাননি। অপরাধ করেছে সেই ব্যক্তি, যে তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়েছে।

মায়ের এই কথাতেই প্রথম বুঝতে পারেন, এই ঘটনায় তাঁর কোনও দোষ নেই। তিনি অপরাধী নন, বরং অপরাধের শিকার। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতাকে অন্যভাবে দেখতে শুরু করেন অলিম্পিয়া।

অনলাইন হেনস্থার বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত

নিজের অভিজ্ঞতার পাশাপাশি ইন্টারনেটে অন্যান্য মহিলারাও কীভাবে যৌন হেনস্থার শিকার হচ্ছেন, তা জানতে পারেন অলিম্পিয়া। এক বন্ধুর পরামর্শে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করা বিভিন্ন ওয়েবসাইট দেখতে শুরু করেন। বুঝতে পারেন, এই ধরনের হেনস্থা শুধু তাঁর একার অভিজ্ঞতা নয়। অসংখ্য নারী একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।

এরপর আর চুপ করে থাকার সিদ্ধান্ত নেননি তিনি। ব্যক্তিগত ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযোগ জানাতে পুলিশের কাছে যান। কিন্তু সেখানে আরও একবার অপমানের মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ শোনার পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁর ভিডিয়ো দেখতে চান। ভিডিয়ো দেখার পর হাসাহাসিও করেন। তাঁর বক্তব্য ছিল, অলিম্পিয়াকে ধর্ষণ করা হয়নি, মাদক খাইয়ে কিছু করা হয়নি, তাই ফৌজদারি আইনে কোনও অপরাধ ঘটেনি।

এই অভিজ্ঞতা আরও ক্ষুব্ধ করে তোলে অলিম্পিয়াকে। তিনি বুঝতে পারেন, ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়ার মতো অপরাধের বিরুদ্ধে স্পষ্ট আইনি ব্যবস্থা থাকা প্রয়োজন।

২০১৪ সালে শুরু আইনের লড়াই

এরপর একই ধরনের ঘটনার শিকার হওয়া মহিলাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন অলিম্পিয়া। তাঁদের নিয়ে তৈরি করেন একটি দল। একসঙ্গে পুয়েবলা প্রদেশের জন্য সাইবার যৌন হেনস্থার বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করেন তাঁরা।

২০১৪ সালের মার্চ মাসে, মাত্র ১৯ বছর বয়সে, পুয়েবলার মেয়রের সামনে প্রকাশ্যে সেই প্রস্তাব তুলে ধরেন অলিম্পিয়া। মঞ্চে উঠে নিজের পরিচয় দেন সেই নামেই, যে নামে তাঁকে এতদিন অপমান করা হয়েছিল—‘হুয়াউচিনাঙ্গোর আবেদনময়ী মোটা মেয়ে’। নিজের ভিডিয়ো ছড়িয়ে পড়ার ঘটনা এবং অনলাইনে নারীদের হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বক্তাও যে তাঁর ভিডিয়োতে লাইক ও শেয়ার করেছিলেন, তার প্রমাণ দেখান। তাঁদের উদ্দেশে অলিম্পিয়ার বার্তা ছিল, ‘আপনারা অপরাধী, আমি নই।’

প্রথমে অবশ্য এই প্রস্তাবের বিরোধিতাও হয়। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালে পুয়েবলা প্রদেশে আইনটি পাস হয়।

কী রয়েছে ‘অলিম্পিয়া আইন’-এ?

এই আইনে কারও অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি, ভিডিয়ো কিংবা বিষয়বস্তু ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার হেনস্থা ও ডিজিটাল যৌন হিংসার বিষয়গুলিও আইনের আওতায় আনা হয়। এই ধরনের অপরাধ সম্পর্কে জনসচেতনতা তৈরির উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে।

পরবর্তীতে মেক্সিকোর আরও একাধিক রাজ্যে এই আইন কার্যকর হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর ১১টি রাজ্যে এই আইন বাস্তবায়িত হয়েছিল।

‘আমি আর সেই অপমানের নাম নই’

এই লড়াইয়ের মধ্যেই অলিম্পিয়া তৈরি করেন ‘ন্যাশনাল ফ্রন্ট ফর সরোরিটি’। এই সংগঠনের মাধ্যমে ডিজিটাল যৌন হেনস্থার শিকার মহিলাদের পাশে দাঁড়ানো, তাঁদের আইনি ও সামাজিক সহায়তার বিষয়ে সচেতন করা এবং অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন তাঁরা।

এক সাংবাদিকের প্রতিবেদনে প্রথম ‘অলিম্পিয়া আইন’ নামটি ব্যবহৃত হয়েছিল। তারপর থেকেই সেই নামেই পরিচিতি পায় আইনটি। যে ব্যক্তিগত ভিডিয়ো একসময় তাঁর জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে উঠেছিল, সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করে ডিজিটাল হিংসার বিরুদ্ধে লড়াইয়ের মুখ হয়ে ওঠেন অলিম্পিয়া।

আজ আর তাঁকে অপমানজনক কোনও নামে চেনা হয় না। বরং তাঁর নাম জড়িয়ে রয়েছে এমন এক আইনের সঙ্গে, যা অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে নারীদের লড়াইয়ে নতুন দিশা দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *