Gold Purity: ২২ ক্যারেট সোনাও আসল নয়! মেশানো হচ্ছে রেনিয়াম, কীভাবে বুঝবেন? | Is Rhenium Mixed with 22 Carat Gold? What Bullian Association Says about Viral Claim - 24 Ghanta Bangla News
Home

Gold Purity: ২২ ক্যারেট সোনাও আসল নয়! মেশানো হচ্ছে রেনিয়াম, কীভাবে বুঝবেন? | Is Rhenium Mixed with 22 Carat Gold? What Bullian Association Says about Viral Claim

Spread the love

Gold Purity: ২২ ক্যারেট সোনাও আসল নয়! মেশানো হচ্ছে রেনিয়াম, কীভাবে বুঝবেন?

আসল সোনা চিনবেন কী করে?Image Credit: PTI

নয়া দিল্লি: হলমার্ক আছে, তাও নাকি ভেজাল সোনা (Fake Gold)! কীভাবে সম্ভব? রাজস্থানের এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনার সঙ্গে রেনিয়াম (Rhenium) পাউডার মিশিয়ে দিলে নাকি সোনার বিশুদ্ধতা ২২ ক্যারেট দেখাতে পারে! সম্প্রতি এমন একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই খবর ঘিরে সোনার ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, শুধু একটি পরীক্ষার ভিত্তিতে সোনার ভেজাল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

কী দাবি করা হচ্ছে?

রিপোর্ট অনুযায়ী, সোনার সঙ্গে রেনিয়াম নামে একটি ভারী ধাতু মেশানো সম্ভব। এমনও দাবি করা হয়েছে যে প্রায় ১০ শতাংশ রেনিয়াম মেশানো হলেও কিছু প্রচলিত পরীক্ষার যন্ত্রে সেই সোনা ২২ ক্যারেট হিসেবে ধরা পড়তে পারে। একটি পরীক্ষার উদাহরণও সামনে এসেছে। সেখানে ১ গ্রাম রেনিয়াম পাউডারের সঙ্গে ৭.৮৩ গ্রাম খাঁটি সোনা মেশানো হয়েছিল। ফলে মিশ্রণের মোট ওজন হয় ৮.৮৩ গ্রাম। এই ধরনের খবর ছড়িয়ে পড়ায় ক্রেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তারা যে সোনা কিনছেন,  তাদের আদৌ কি আসল সোনা পাচ্ছেন?

প্রসঙ্গত, রেনিয়াম হল একটি বিরল ধাতু, যা দেখতে রুপালো-সাদা রঙের। এর কেমিক্যাল সিম্বল হল Re। এর অ্যাটমিক নম্বর ৭৫।

কী বলছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন?

বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রধান যোগেশ সিংঘাল সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-কে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি করছে। তাঁর বক্তব্য, সোনার সঙ্গে অন্য ধাতু মেশানোর ঘটনা নতুন নয়। গত কয়েক দশক ধরেই গহনা শিল্পে এই ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইরিডিয়াম, রুথেনিয়াম এবং রেনিয়ামের মতো ধাতু নিয়েও অতীতে প্রশ্ন উঠেছে। তবে তাঁর দাবি, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় এই ধরনের ভেজাল শনাক্ত করা সম্ভব।

কীভাবে ধরা পড়বে ভেজাল?

সিংঘালের মতে, সোনার বিশুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্কিং এবং এক্স আরএফ (XRF) পরীক্ষা করা যায়। এই পরীক্ষাগুলির মাধ্যমে সোনার মধ্যে অন্য কোনও ধাতু মেশানো হয়েছে কি না, তা শনাক্ত করা সম্ভব।

এক্সআরএফ (XRF)-এর পুরো নাম হল এক্স-রে ফ্লুরেন্স (X-ray Fluorescence)। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনও ধাতুর মধ্যে কোন কোন মৌল রয়েছে এবং সেগুলির পরিমাণ কত, তা পরীক্ষা করা যায়। ফলে সোনার বিশুদ্ধতার পাশাপাশি অন্য ধাতুর উপস্থিতিও বোঝা সম্ভব।

রেনিয়াম মিশিয়ে সোনা তৈরি করা কি লাভজনক?

সিংঘালের দাবি, অতীতে সোনার সঙ্গে বিভিন্ন ধাতু মেশানোর চেষ্টা করা হলেও, তা বড় আকারে সফল হয়নি। কারণ কিছু ধাতুকে গলাতে অত্যন্ত বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে এই ধরনের ধাতু চোরাচালানের মাধ্যমে দেশে ঢুকলেও, সেগুলি ব্যবহার করে বিপুল পরিমাণে সোনা ভেজাল করা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। তাই সাধারণ ক্রেতাদের এই মুহূর্তে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তবে সোনা কেনার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত—

  • সবসময় বিশ্বস্ত স্বর্ণকারের দোকান থেকে সোনা কিনুন।
  • গয়নায় হলমার্ক এবং বিশুদ্ধতার তথ্য দেখে নিন।
  • কেনার পর অবশ্যই সঠিক ও বিস্তারিত বিল নিন।
  • শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনও দাবি দেখে আতঙ্কিত হবেন না।
  • প্রয়োজনে সোনার বিশুদ্ধতা যাচাইয়ের জন্য বিশ্বস্ত পরীক্ষাগারে XRF পরীক্ষা করাতে পারেন।

বিশেষজ্ঞদের পরামর্শ, সোনা কেনার ক্ষেত্রে দোকানের বিশ্বাসযোগ্যতা, হলমার্ক এবং বৈধ বিল—এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। ভাইরাল কোনও দাবি নয়, বরং নির্ভরযোগ্য পরীক্ষা ও প্রমাণের ভিত্তিতেই সোনার মান যাচাই করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *