Bratya Basu: ‘যিনি অভিযোগকারিনী তিনি আমাকে সিডিউস্ করছেন, যাতে আমি…’, ধর্ষণের অভিযোগ দায়ের হতেই ‘অন্তরাল’ থেকে বেরিয়ে এলেন ব্রাত্য | Former Minister Bratya Basu Denies FIR Allegations After Six Month Absence, Signals Political Return
ব্রাত্য বসুImage Credit: TV9 Bangla
কলকাতা: ৬ মাস তিনি অন্তরালে ছিলেন তিনি। এবার ধর্ষণ-সহ একাধিক ইস্যুতে তাঁর বিরুদ্ধে FIR দায়েরের পর মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, অভিযোগকারীকে তিনি চেনেনই না, কোনও দিন কথাও হয়নি। মিথ্যাচার করা হচ্ছে।
তিনি জানান, তৃণমূলের দুই শিবিরের সঙ্গেই তাঁর কথা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগই তাঁকে রাজনীতিতে ফিরতে বাধ্য করবে।
TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন ব্রাত্য। তাঁকে প্রশ্ন করা হয়, অভিযোগকারিনীর বক্তব্য, তিনি ব্রাত্যর প্রাক্তন আপ্ত সহায়কের মাধ্যমে তাঁর কাছে গিয়েছিলেন, তখনই ব্রাত্য তাঁকে কুপ্রস্তাব দেন। প্রশ্ন শুনেই ব্রাত্য বললেন, “প্রাক্তন আপ্ত সহায়ক বলবেন না, বিতাড়িত আপ্ত সহায়ক। আর তিনি উপকারীকে বাঘে খায়, এই প্রবাদ সত্য প্রমাণ করছেন।” পাল্টা তিনিই তাঁর বিতাড়িত আপ্ত সহায়কের প্রসঙ্গে টেনে বলেন, “দেখা যাচ্ছে দু’জনই হাওড়ার একই অঞ্চলের। মিথ্যাচার করা হচ্ছে। আমি তাঁকে চিনি না, দেখি নি। বিকাশভবনে আমি সে সময়ে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করতে বলেছিলাম। এখনকার মন্ত্রীকেও আমি বলব CCTV ফুটেজকে তদন্তের আওতায় আনা হোক। আমার যে PS ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হোক। আমার ঘরে তো সরাসরি ঢুকে পড়া যেত না। ”
তবে তিনি বলেন, “আমার এখনও মনে হচ্ছে, এটা কোনও রাজনৈতিক চক্রান্ত নয়। কারণ আমি ৬ মাস কোনও রাজনীতির মধ্যে নেই-ও।” তাঁর কথায়, এটা ব্যক্তিগত আক্রোশ। বর্তমান প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। যদি তদন্তে দেখা যায়, এই অভিযোগ মিথ্যা, আর এর পিছনে চরম ব্যক্তিগত আক্রোশ রয়েছে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কঠোরতম পদক্ষেপ করা হয়। তাঁর কথায়, “এনাফ ইজ় এনাফ। আমি রাজনীতিতে নেই। কিন্তু যিনি অভিযোগ তুলছেন এরকম, তিনি হয়তো চাইছেন, আমি আবার রাজনীতিতে ফিরে আসি। আমাকে সিডিউস করছে।”
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, তোলাবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগে দায়ের হওয়া একটি জিরো এফআইআর-এর তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানা।