সৈয়দ মুস্তাক আলিতে বিপক্ষ বিদর্ভ, শুক্রবার ইডেনে নামবেন সূর্যকুমার
এই সময়: আজ কি ইডেনেও সূর্যকুমার যাদবের ব্যাটে ঝড়? এতদিন সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টিতে মুম্বই ক্যাপ্টেন সূর্য খেলছিলেন সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে। আজ শুক্রবার বিদর্ভের বিরুদ্ধে তিনি নামছেন ইডেনে। তাঁয় ব্যাটিং দেখতে ভিড় জমবে গ্যালারিতে।
অন্যদিকে, পরপর দুটো ম্যাচ জিতে সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা। আজ সামনে মিজোরাম। শক্তির দিক থেকে বাংলা অবশ্যই অনেক এগিয়ে। মিজোরাম তাদের তিন ম্যাচেই হেরেছে। ‘এ’ গ্রুপে সবার শেষে রয়েছে। এমন একটা টিমের বিরুদ্ধে বড় রানে জেতাই স্বাভাবিক অভিমন্যু ঈশ্বরনদের। বাংলার ক্যাপ্টেন আগের ম্যাচে রান পেয়েছেন। এই ম্যাচেও রান করে বাড়িয়ে নিতে চান আত্মবিশ্বাস।
মহম্মদ সামি খেলছেন বাংলার হয়ে। কিন্তু, এখনও পর্যন্ত বিরাট বড় কোনও ছাপ ফেলতে পারেননি। আজ কি তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে? নাকি, মিজোরামের মতো টিমের বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী হয়ে উঠবেন সামি? বাংলার অন্য বোলাররাও যথেষ্ট ভালো ফর্মে। অভিষেক পোড়েলের ব্যাটে রান এসেছে। এই ছন্দ বজায় রাখতে চায় টিম।