ভারতের হাতে ৩৬ নয়, ৩২টি রাফাল! পাকপন্থী সাংবাদিকের বিতর্কিত রিপোর্ট ঘিরে তোলপাড়

নয়াদিল্লি: ভারতের রাফাল যুদ্ধবিমান নিয়ে নতুন করে বিতর্ক ছড়াল আন্তর্জাতিক মহলে। (Rafale Jets)ভারতীয় বায়ুসেনার হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে বর্তমানে মাত্র ৩২টি সক্রিয় রয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ বিমান চলাচল বিষয়ক পত্রিকা ‘ফ্লাইটগ্লোবাল’। তাদের সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’-তে প্রকাশিত এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।
বিশেষ করে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘটিত ‘অপারেশন সিঁদুর’-এর সময় চারটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করার যে দাবি পাকিস্তান বারবার করে এসেছে, নতুন রিপোর্টকে সেই দাবির সমর্থনে ব্যবহার করতে শুরু করেছে ইসলামাবাদের বিভিন্ন মহল। তবে ফ্লাইটগ্লোবালের এই তথ্যকে সরাসরি ভুল বলে উড়িয়ে দিয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তাঁর প্রশ্ন, কোনও ব্যাখ্যা বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই কীভাবে ভারতীয় বায়ুসেনার রাফাল বিমানের সংখ্যা কমিয়ে দেখানো হল?
আরও দেখুনঃছয়টি দেশ ঘুরে অনুদানের আড়ালে ভারতে এল দেড় মিলিয়ন ডলার! ইডির নিশানায় সাংবাদিক রবি নায়ার
ফ্লাইটগ্লোবালের প্রকাশিত ডিরেক্টরিতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের তালিকায় ‘রাফাল DH/EH’-এর সক্রিয় সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছে। অথচ ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল। এর মধ্যে ২৮টি এক আসনবিশিষ্ট EH এবং আটটি দুই আসনবিশিষ্ট DH মডেলের বিমান।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের রিপোর্টেও ফ্লাইটগ্লোবাল ভারতীয় বায়ুসেনার হাতে ৩৫টি সক্রিয় রাফাল থাকার কথা জানিয়েছিল। এবার সেই সংখ্যা আরও কমিয়ে ৩২ করা হয়েছে। কিন্তু কেন চারটি বিমান সক্রিয় তালিকায় নেই, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা বা সমর্থনে প্রমাণ প্রকাশ করেনি ওই সংস্থা।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন অপারেশন সিঁদুরের সময় দায়িত্বে থাকা প্রাক্তন বায়ুসেনা উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তাঁর বক্তব্য, ফ্লাইটগ্লোবালের দেওয়া পরিসংখ্যান সম্পূর্ণ ভিত্তিহীন। এক্স হ্যান্ডেলে তিনি সংস্থাটিকে তাদের তথ্যের উৎস পুনরায় যাচাই করার পরামর্শ দিয়েছেন।
তিওয়ারির দাবি, যে সূত্রের উপর নির্ভর করে আগে ভারতীয় রাফাল ধ্বংসের নির্দিষ্ট টেল নম্বর বা পরিচিতি প্রকাশ করা হয়েছিল, সেই বিমানগুলিকেই পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নিতে দেখা গিয়েছে। ফলে ওই সূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
এখানেই শেষ নয়। পাকিস্তানের প্রচারিত আরও একটি ভুয়ো দাবির প্রসঙ্গও তুলে ধরেছেন প্রাক্তন এই বায়ুসেনা কর্তা। (Rafale Jets)অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা রাফাল পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংকে পাকিস্তানের একাধিক সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বন্দি করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।
এমনকী তাঁর বিমান গুলি করে নামানোর কথাও প্রচার করা হয়। কিন্তু ভারতীয় বায়ুসেনা সেই দাবি খারিজ করে দেয়। পরবর্তীতে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হাসিমুখে দেখা যায় শিবাঙ্গীকে। তিওয়ারির বক্তব্য, যে সূত্র একসময় শিবাঙ্গীকে যুদ্ধবন্দি বলে দাবি করেছিল, সেই সূত্রের দেওয়া তথ্যের উপর কতটা ভরসা করা যায়, তা ভেবে দেখা প্রয়োজন।
অন্যদিকে, ফ্লাইটগ্লোবালের রিপোর্টে শুধু ভারতের রাফাল যুদ্ধবিমানের সংখ্যাই নয়, পাকিস্তানের সামরিক বিমানের হিসাবেও পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের হাতে থাকা সুইডেনের তৈরি সাব-২০০০ এরিয়াই এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) বিমানের সংখ্যা আগে নয়টি দেখানো হলেও নতুন ডিরেক্টরিতে তা কমিয়ে সাতটি করা হয়েছে।
এমব্রায়েরের সহযোগিতায় তৈরি এই রিপোর্টের তথ্যের উৎস হিসেবে ব্রিটেনের বিমান চলাচল সংক্রান্ত তথ্য ও বিশ্লেষণকারী সংস্থা ‘সিরিয়াম’-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে রাফালের সংখ্যা কমানোর পিছনে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। বরং রিপোর্টে একটি আইনি সতর্কীকরণ দিয়ে বলা হয়েছে, তথ্যের কোনও ভুলের জন্য ফ্লাইটগ্লোবাল দায়বদ্ধ থাকবে না। ফলে রিপোর্টের তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই বিতর্কের মধ্যে ‘দ্য লেগেট ইন’ নামে একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্টের পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। ওই অ্যাকাউন্টের দাবি, ফ্লাইটগ্লোবালের রিপোর্টের পিছনে মূলত পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত বিমান চলাচল বিষয়ক লেখক অ্যালান ওয়ার্নসের তথ্য কাজ করেছে। গত বছর ওয়ার্নস দাবি করেছিলেন, ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তান চারটি নির্দিষ্ট রাফাল যুদ্ধবিমান BS-001, BS-021, BS-022 এবং BS-027 ধ্বংস করেছিল।
কিন্তু পরবর্তীতে BS-022-কে ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে দেখা যায়। (Rafale Jets)ফলে পাকিস্তানের সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে অ্যালান ওয়ার্নসের বিরুদ্ধে পাকিস্তানের কাছ থেকে অর্থ নিয়ে প্রচারমূলক প্রতিবেদন লেখার যে অভিযোগ উঠেছে, সেটিও সংশ্লিষ্ট সূত্রের দাবি হিসেবেই বিবেচ্য।
এদিকে ফ্লাইটগ্লোবালের নতুন রিপোর্টকে হাতিয়ার করে পাকিস্তানের সংবাদমাধ্যমেও প্রচার শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ দাবি করেছে, এই পরিসংখ্যান তাদের আগে থেকে করা চারটি রাফাল ধ্বংসের দাবিকে সমর্থন করছে। যদিও অপারেশন সিঁদুরের সময় ঠিক কতগুলি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল, সে বিষয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে একাধিকবার পরিবর্তন দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কখনও তিনটি, কখনও চারটি, আবার কখনও ছয়টি বিমান ধ্বংসের দাবি করেছেন। কিন্তু সেই দাবির সমর্থনে এখনও পর্যন্ত কোনও যাচাইযোগ্য ধ্বংসাবশেষ বা নির্ভরযোগ্য উপগ্রহচিত্র প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৭ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। তিন দিন ধরে চলা সংঘর্ষে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক জঙ্গিঘাঁটি এবং ১১টি সামরিক পরিকাঠামোয় হামলা চালায় ভারতীয় বাহিনী। ১০ মে সংঘর্ষবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ভারতের প্রতিরক্ষা বিভাগের একাধিক শীর্ষ আধিকারিক অভিযানের সময় কিছু ক্ষয়ক্ষতি এবং কৌশলগত ভুলের কথা স্বীকার করলেও পাকিস্তানের চারটি রাফাল ধ্বংসের দাবি খারিজ করেছিলেন। তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও এই বিষয়ে পাকিস্তানের দাবির সঙ্গে সহমত হননি।
এই বিতর্কের মধ্যেই চলতি বছরের জুন মাসে ভারতীয় বায়ুসেনার একটি টেন্ডার সামনে আসে। সেখানে ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য ‘ব্রিজ সাপোর্ট’ বা অন্তর্বর্তী প্রযুক্তিগত সহায়তা ও রক্ষণাবেক্ষণ পরিষেবার কথা বলা হয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বিমানবহরের প্রযুক্তিগত সহায়তা, যন্ত্রাংশ ও রসদ সরবরাহ নিশ্চিত করা হয়। তবে এই টেন্ডারকে ৩৬টি বিমানই সম্পূর্ণ অক্ষত ও সক্রিয় থাকার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখার আগে চুক্তির প্রকৃত পরিধি ও শর্ত খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় আরও রাফাল যুক্ত করার উদ্যোগও চলছে। ফ্রান্সের কাছ থেকে অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল কেনার পৃথক চুক্তিও ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। ফলে সামগ্রিকভাবে দেশের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় এই যুদ্ধবিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ।