ফিরল মিগুয়েলের স্মৃতি, ফুটবল মাঠে ফের মর্মান্তিক মৃত্যু, ম্যাচ চলাকালীন প্রয়াত তরুণ
ঘটনাটি সামনে থেকে দেখেছিলেন যুব ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত ক্রীড়া সাংবাদিক ক্রিস্তিয়ান রোমপানি। তাঁর কথায়, ম্যাচের পরিস্থিতি খুব একটা উত্তপ্ত ছিল না। তবে বল ক্লিয়ার করার সময় ডিফেন্ডার প্রচণ্ড জোরে শট নেন।
রোমপানি বলেন, ‘মুনিজ়ের এক ডিফেন্ডার চাপে পড়ে বলটা ক্লিয়ার করেছিল। ওর কাছে আর কোনও উপায় ছিল না। কিন্তু অস্বাভাবিক জোরে বলটা মারে। যুব ফুটবলের সঙ্গে প্রায় ৩০ বছর ধরে যুক্ত রয়েছি। এত জোরে কাউকে বল মারতে আগে কখনও দেখিনি।’
বলটি আবেলের মাথায় লাগার পরই তিনি জ্ঞান হারান। রোমপানির দাবি, ‘বলটা একটুও উঁচুতে ওঠেনি। মাত্র চার-পাঁচ মিটার দূর থেকে এসে আবেলের মাথায় লাগে। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল, বক্সিংয়ে কেউ নকআউট হয়েছে। ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ওর কোনও সাড় ছিল না।’
দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। আবেলকে না সরিয়েই পরীক্ষা করেন তাঁরা। পরে চিকিৎসক জানান, তাঁর শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিক ছিল না। এর পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ১৮ বছরের ফুটবলারকে। পরীক্ষায় দেখা যায়, তাঁর মাথার খুলিতে চিড় ধরেছে এবং মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। রবিবার মৃত্যু হয় আবেলের।
শোকস্তব্ধ দুই ক্লাব, কী জানাল তারা?
আবেলের মৃত্যুর আগে তাঁর চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্য ও প্রার্থনার আবেদন জানিয়েছিল এফসি এজ়েইজা। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার, তাঁদের পরিবার, কোচ এবং সমর্থকদের একজোট হয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করার অনুরোধ করা হয়েছিল।
ক্লাবের তরফে লেখা হয়েছিল, ‘আবেল নুনেজ়ের জন্য আমরা আমাদের সমস্ত ভালোবাসা, শক্তি ও সমর্থন পাঠাতে চাই। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ওর অস্ত্রোপচার হয়েছে। ও এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সবাইকে এক পরিবারের মতো পাশে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি। সমস্ত মতপার্থক্য ভুলে ওর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। ওর এই লড়াইয়ে জিততে যতটা ইতিবাচক শক্তি ও সাহস প্রয়োজন, আমরা সবাই মিলে সেটাই ওকে দিতে চাই।’