এডমুন্ডের গোলে কামব্যাক লাল-হলুদের, বাঁধ সাধছে গোলপোস্ট !

অবশেষে ধোঁয়াশা কাটিয়ে আজ আইএসএলের (ISL) প্রথম হোম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে টমাস টর্চজের শক্তিশালী স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে বজায় রয়েছে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। পেনাল্টি থেকে গোল করে দিল্লি দলকে এগিয়ে দিয়েছিলেন কার্লোস ফোর্টেস। তবে নয় মিনিটের মধ্যেই দুরন্ত গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার এডমুন্ড লালরিন্ডিকা। এছাড়াও একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল।
কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয় সেগুলি। নাহলে অনায়াসেই এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফিরতে পারত আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই ম্যাচের দখল নিজেদের হাতে রেখেছিল ইস্টবেঙ্গল। প্রথম কোয়ার্টারের শেষের দিকেই প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে থেকে দুর্দান্ত কার্লার নিয়েছিলেন দানি রামিরেজ। প্রতিপক্ষের গোলরক্ষক নোরা ফার্নান্ডেজ পরাজিত হলেও ক্রসবারে লেগে বাইরে চলে যায় সেই বল। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ উঠে আসে দিল্লি। সেই আক্রমণ প্রতিরোধ করতে গিয়েই বক্সে ফাউল করে বসেন রশিদ। অনায়াসেই সেখান থেকে পেনাল্টি আদায় করে নেয় টমাস টর্চজের ছেলেরা।
সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যেতে ভুল করেননি ফোর্টেস। তারপর থেকেই বেশ কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। তবে ৪০ মিনিটের মাথায় দানি রামিরেজের পাস থেকে বল রিসিভ করে দ্বিতীয় পোস্টের দিকে দূরপাল্লার শট নেন এডমুন্ড। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। প্রথমার্ধের শেষ লগ্নে জয় গুপ্তার শট থেকে ফের গোলের সুযোগ এসেছিল লাল-হলুদের। কিন্তু এবার সেকেন্ড পোষ্টে লেগে বাইরে চলে যায় বল। ৪ মিনিট অতিরিক্ত সময়ের মধ্যে বেশ কয়েকবার আক্রমণ সংঘটিত হলেও ফলাফলের বদল ঘটেনি।