উত্তরবঙ্গের ধুঁকতে থাকা চা বাগান বাঁচাতে ২০০ কোটির প্রস্তাব দিল তেরাই গ্ৰুপ - 24 Ghanta Bangla News
Home

উত্তরবঙ্গের ধুঁকতে থাকা চা বাগান বাঁচাতে ২০০ কোটির প্রস্তাব দিল তেরাই গ্ৰুপ

Spread the love


কলকাতা: দীর্ঘদিনের আর্থিক সংকট, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের বকেয়া পাওনা (Terai Group)একাধিক সমস্যায় জর্জরিত বাংলার চা শিল্পে এবার নতুন আশার আলো। উত্তরবঙ্গের বন্ধ ও ধুঁকতে থাকা চা বাগানগুলিকে নতুন করে সচল করার লক্ষ্যে ২০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্রস্তাব জমা দিল শিলিগুড়ি-ভিত্তিক তেরাই গ্রুপ।

ডানকানস ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা ১৪টি চা বাগান অধিগ্রহণ করে সেগুলিকে নতুন করে চালু করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার স্থায়ী চা শ্রমিক এবং তাঁদের পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা শ্রমিকদের কর্মসংস্থান, বকেয়া মজুরি এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলিও এই প্রস্তাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও দেখুনঃ পশ্চিমবঙ্গের নগর উন্নয়নে বড় পদক্ষেপ! উত্তরবঙ্গে গড়ে উঠবে চারটি নতুন শহর

জানা গিয়েছে, তেরাই গ্রুপের প্রধান সংস্থা তেরাই টি কোম্পানি লিমিটেডের মাধ্যমে এই প্রস্তাব জমা দেওয়া হয়েছে। (Terai Group)প্রাথমিকভাবে ১৯০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়েছে। ইতিমধ্যেই সংস্থার এই প্রস্তাব ডানকানস ইন্ডাস্ট্রিজের ঋণদাতাদের নিয়ে গঠিত কমিটি অফ ক্রেডিটরস (CoC) এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিবদ্ধ কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে। অর্থাৎ, চা বাগানগুলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রস্তাবটি এখন প্রয়োজনীয় অনুমোদন ও মূল্যায়নের পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট মহলের অনুমোদন মিললে অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে তেরাই গ্রুপ।

প্রস্তাবিত ২০০ কোটি টাকার বিনিয়োগকে মূলত দুটি ভাগে ভাগ করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পর প্রথম পর্যায়েই ১০০ কোটি টাকা দেওয়া হবে। বাকি ১০০ কোটি টাকা ব্যয় করা হবে চা বাগানগুলির পরিকাঠামো উন্নয়ন, পুরনো কারখানাগুলির সংস্কার, চা উৎপাদন ব্যবস্থা পুনরায় চালু করা এবং দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় কার্যকরী মূলধন জোগাতে। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও আর্থিক সমস্যার কারণে যেসব বাগানে উৎপাদন এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিকে ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে এই পরিকল্পনায়।

এই প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চা শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর প্রতিশ্রুতি। শ্রমিকদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করতে ২৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে তেরাই গ্রুপ। পাশাপাশি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এবং এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স বা ইএসআই সংক্রান্ত বকেয়া দায় মেটানোর জন্য আরও ৫৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

সংস্থার প্রস্তাব অনুযায়ী, অধিগ্রহণের পরবর্তী ছয় মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি এবং অন্যান্য বিধিবদ্ধ পাওনা মিটিয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও সামাজিক সুরক্ষার সুবিধা নিয়ে সমস্যায় থাকা শ্রমিকদের কাছে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুধু শ্রমিকদের পাওনা মেটানোই নয়, ঋণদাতাদের স্বার্থরক্ষার বিষয়টিও প্রস্তাবে রাখা হয়েছে। (Terai Group)তেরাই গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে ঋণদাতাদের জন্য আগের প্রস্তাবের তুলনায় ১৫ শতাংশ বেশি অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে একদিকে যেমন শ্রমিকদের আর্থিক দাবিদাওয়া মেটানোর সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা ঋণের অর্থ পুনরুদ্ধারের পথও খুলতে পারে। তবে এই সমস্ত আর্থিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্ভর করবে প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন এবং অধিগ্রহণ প্রক্রিয়ার অগ্রগতির উপর।

উল্লেখ্য, উত্তরবঙ্গের চা শিল্প শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র নয়, এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার পরিবারের জীবন-জীবিকা। দার্জিলিং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে স্থানীয় অর্থনীতি। চা উৎপাদনের পাশাপাশি পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, কারখানার কাজ এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত বহু মানুষের রোজগারের উৎস এই শিল্প। ফলে ডানকানস ইন্ডাস্ট্রিজের ১৪টি চা বাগান নতুন করে চালু হলে তার প্রভাব সরাসরি শ্রমিক পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার অর্থনীতিতেও পড়তে পারে।Terai Group: উত্তরবঙ্গের ধুঁকতে থাকা চা বাগান বাঁচাতে ২০০ কোটির প্রস্তাব দিল তেরাই গ্ৰুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *