Bigg Boss Bangla: ‘ক্রাইম করে সরি বললেই মাফ?’ জীতুকে বিঁধলেন দিতিপ্রিয়া! প্রাক্তন স্ত্রী নবনীতা লিখলেন... | Ditipriya Roy and Nabanita Das take cryptic digs at Jeetu Kamal after Bigg Boss Ticket to Finale controversy - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘ক্রাইম করে সরি বললেই মাফ?’ জীতুকে বিঁধলেন দিতিপ্রিয়া! প্রাক্তন স্ত্রী নবনীতা লিখলেন… | Ditipriya Roy and Nabanita Das take cryptic digs at Jeetu Kamal after Bigg Boss Ticket to Finale controversy

Spread the love

Bigg Boss Bangla: ‘ক্রাইম করে সরি বললেই মাফ?’ জীতুকে বিঁধলেন দিতিপ্রিয়া! প্রাক্তন স্ত্রী নবনীতা লিখলেন...

কী বলেছেন তাঁরা?

বিগ বসের ঘরে রিকশা থেকে ধাক্কা মেরে ‘টিকিট টু ফিনালে’ জিতলেন জীতু কমল। আর সেই ধাক্কার রেশ গিয়ে পৌঁছল সোজা নেটপাড়ায়! সৌরভ দাসকে ফেলে দিয়ে জয়ের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। সেই আগুনে এবার ঘি ঢাললেন জীতুর প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। সরাসরি নাম না নিলেও, দু’জনের ইঙ্গিত যে কোন দিকে, তা বুঝতে কারও বিন্দুমাত্র অসুবিধা হয়নি।

কী ঘটে বিগ বসের ঘরে?

ঘটনার সূত্রপাত বিগ বসের ‘টিকিট টু ফিনালে’ টাস্ক ঘিরে। নিয়ম অনুযায়ী, রিকশায় বসে থাকা সৌরভ ও জীতুকে একে অপরকে টাস্ক থেকে সরাতে হত। টাস্ক চলাকালীন জীতু নাকি ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে বলেছিলেন, তিনি স্বেচ্ছায় হেরে গিয়ে সৌরভকে জিতিয়ে দেবেন। অথচ সৌরভ একটু অসতর্ক হতেই ‘সরি সৌরভ’ বলে তাঁকে সজোরে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। রিকশার ছাউনি ভেঙে মাটিতে পড়ে চোট পান সৌরভ, কেটেও যায় তাঁর। তবু জীতুকেই বিজয়ী ঘোষণা করেন বিগ বস। এখানেই শেষ নয়, গভীর রাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জিও জানান অভিনেতা।

জীতুর এই ‘ধাক্কা’ আর ‘সরি’ বলার কৌশল নিয়েই ফেসবুকে লম্বা পোস্ট করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। শিবের উপাসক হয়েও মিথ্যে বলা, ধাক্কা মেরে ফাইনালে যাওয়া এবং শেষে মেডেল ফিরিয়ে দেওয়ার নাটকীয়তা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। আর অয়নের সেই পোস্টের কমেন্ট বক্সেই বোমা ফাটান দিতিপ্রিয়া রায়। একটি মুখ ঢাকা বাঁদরের ইমোজি দিয়ে অভিনেত্রী লেখেন, “একটা সিম্পল কোয়েশ্চেন আমার, আমি যদি কোনও ক্রাইম করে ‘সরি’ বলি, তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?”

জীতু ও দিতিপ্রিয়ার সম্পর্কের তিক্ততা নতুন নয়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই দু’জনের মধ্যে চরম অশান্তি শুরু হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে, এক ঘরে বসে মিটিং করতেও আপত্তি ছিল নায়কের। শেষমেশ মাঝপথেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন দিতিপ্রিয়া। তাই বিগ বসের এই ঘটনায় দিতিপ্রিয়ার এমন তির্যক মন্তব্যে দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি দর্শকদের।

অন্যদিকে, চুপ থাকেননি জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও। ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি জোকারের ইমোজি দিয়ে তিনি লেখেন, “ভণ্ডামির একটা লিমিট থাকে..”। নবনীতাও কারও নাম উল্লেখ করেননি। তবে জীতুর ‘শিবের দিব্যি’ আর মাঝরাতে টিকিট ফিরিয়ে দেওয়ার আর্জির ঠিক পরপরই তাঁর এই স্টোরি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

বিগ বসের ঘরে জীতু আদৌ টিকিট টু ফিনালে ফেরত দেবেন কি না, তা জানা যাবে শনিবার ‘দাদার দরবারে’। তবে ঘরের বাইরে প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন নায়িকার এমন জোড়া বাণে আপাতত সরগরম টলিপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *