সিন্ধু ভাগের চেষ্টা হলে করাচির রাস্তায় রক্ত ঝরবে! পাক সরকারকে হুঁশিয়ারি বিলাওয়ালের - 24 Ghanta Bangla News
Home

সিন্ধু ভাগের চেষ্টা হলে করাচির রাস্তায় রক্ত ঝরবে! পাক সরকারকে হুঁশিয়ারি বিলাওয়ালের

Spread the love


করাচি: ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই ইতিহাস এখনও পাকিস্তানের রাজনৈতিক স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে। এবার অবশ্য দেশভাগ নয়, পাকিস্তানের অভ্যন্তরে প্রদেশের…

করাচি: ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই ইতিহাস এখনও পাকিস্তানের রাজনৈতিক স্মৃতিতে গভীরভাবে জড়িয়ে। এবার অবশ্য দেশভাগ নয়, পাকিস্তানের অভ্যন্তরে প্রদেশের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশের চারটি প্রদেশ ভেঙে ১৪টি ছোট প্রদেশ গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতেই তীব্র আপত্তি জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির হুঁশিয়ারি, সিন্ধু প্রদেশকে জোর করে ভাগ করার চেষ্টা হলে করাচির রাস্তায় রক্তপাত হতে পারে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নতুন প্রদেশ তৈরির বিষয়ে গণভোটের প্রস্তাব দেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। তিনি মনে করেন, প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য নতুন প্রদেশ গঠনের প্রয়োজন রয়েছে। গত ১২ নভেম্বর তাঁর প্রস্তাব ছিল, এই বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে গণভোট করা হোক। কিন্তু বিলাওয়ালের প্রশ্ন, সংবিধানের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব?

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, চারটি প্রদেশকে ভাগ করে মোট ১৪টি প্রদেশ তৈরির একটি পরিকল্পনার কথা তিনি শুনেছেন। প্রস্তাব অনুযায়ী, পঞ্জাব ও সিন্ধুতে চারটি করে এবং খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানে তিনটি করে প্রদেশ হতে পারে। ইসলামাবাদকে পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে খবর। ২০২৭ সালের মার্চে সেনেট নির্বাচনের আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

সিন্ধু ভাগ হলে কেন আপত্তি বিলাওয়ালের?

বিলাওয়ালের আশঙ্কা, সিন্ধুকে ভাগ করার উদ্যোগ নেওয়া হলে শুধু করাচি নয়, হায়দরাবাদ, মিরপুরখাস, টান্ডো আল্লাহয়ার ও নওয়াবশাহের মতো শহরেও অশান্তি ছড়াতে পারে। তাঁর বক্তব্য, মানুষের মতামত না নিয়ে প্রদেশের সীমানা বদলালে সমাজের মধ্যে বিভাজন ও সংঘাত বাড়বে। তিনি অবশ্য নতুন প্রদেশ তৈরির বিরোধী নন। তাঁর দাবি, এই সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট মানুষের মতামত এবং সাংবিধানিক নিয়ম মেনে।

সিন্ধুর ক্ষমতায় রয়েছে বিলাওয়ালের দল পিপিপি। ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রদেশে সরকার চালাচ্ছে তারা। পাকিস্তানের বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র করাচি সিন্ধুর অন্তর্গত। ফলে করাচিকে আলাদা প্রদেশ করা হলে পিপিপির রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। সিন্ধু বিধানসভাও একাধিকবার প্রদেশ ভাগের বিরোধিতা করে প্রস্তাব পাশ করেছে।

শরিফ সরকারের অন্দরেও মতপার্থক্য

উল্লেখযোগ্য বিষয়, পিপিপি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ। পাকিস্তানের জাতীয় সংসদে দলটির ৭৪টি আসন রয়েছে। তা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী নকভির প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছেন বিলাওয়াল। তাঁর অভিযোগ, তাঁকে এবং তাঁর বাবা তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে বিষয়টি নিয়ে যথাযথভাবে আলোচনায় রাখা হয়নি। যদিও সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, জারদারি ও শরিফের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছিল এবং সাংবিধানিক পদ্ধতি মেনে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছিলেন।

বিলাওয়াল প্রধানমন্ত্রীকে তাঁর মন্ত্রীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার পরামর্শও দিয়েছেন। তাঁর বক্তব্য, মন্ত্রিসভার সদস্যরাই যদি প্রধানমন্ত্রীর অবস্থান দুর্বল করেন, তা হলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তোলা অর্থহীন।

প্রদেশ ভাগের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ?

পাকিস্তানে প্রদেশের সীমানা বদল নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯৫৫ সালে ‘ওয়ান ইউনিট’ পরিকল্পনার মাধ্যমে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন অঞ্চলকে এক প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হয়েছিল। পূর্ব পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ভারসাম্য তৈরির যুক্তি দেওয়া হলেও সিন্ধি, বালুচ ও পশতুনদের একাংশ এর বিরোধিতা করেন। ১৯৭০ সালে ওই ব্যবস্থা বাতিল করে পুরনো প্রদেশগুলি ফিরিয়ে আনা হয়।

সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে জাতিগত উত্তেজনার আশঙ্কাও রয়েছে। করাচিতে সিন্ধি, উর্দুভাষী মহাজির, পশতুন, পঞ্জাবি ও বালুচ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। অতীতে এই শহরে জাতিগত সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই নতুন প্রদেশ গঠনের উদ্যোগ পুরনো উত্তেজনা ফিরিয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

অন্যদিকে, পাকিস্তানের আর এক সিন্ধুভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) নতুন প্রদেশ গঠনের পক্ষে সওয়াল করেছে। ফলে এই ইস্যুতে সিন্ধুর রাজনৈতিক দলগুলির মধ্যেও মতভেদ স্পষ্ট।

প্রদেশের সংখ্যা বাড়লে প্রশাসনিক সুবিধা কতটা বাড়বে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। নতুন প্রশাসনিক কাঠামো তৈরি হলে খরচ বাড়তে পারে। পাকিস্তানের আর্থিক সংকটের মধ্যে সেই অতিরিক্ত ব্যয় সামলানো কতটা সম্ভব, তা নিয়েও সংশয় রয়েছে। ফলে নতুন প্রদেশ গঠনের বিতর্ক এখন শুধু প্রশাসনিক সংস্কারের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে রাজনৈতিক ক্ষমতা, করাচির নিয়ন্ত্রণ এবং পাকিস্তানের প্রাদেশিক পরিচয়ের ভবিষ্যৎ।

খ্রিস্টানদের ছাপিয়ে যাবে ইসলাম? ২০৩৫ সালের ধর্মীয় জনসংখ্যা নিয়ে বড় পূর্বাভাস পিউয়ের

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষে মুনির-শাহবাজ, তালিকায় একমাত্র ভারতীয় কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *