ফেরার তোড়জোড়ে চাঙ্গা শেখ হাসিনা।
যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, তার প্রথম সারিতে থাকা সাবেক ছাত্রনেতারা যদিও মনে করেন, ‘ফ্যাসিস্ট’ হাসিনা ফিরলে ফের গণপ্রতিরোধের মুখে পড়বেন। এনসিপি-র নেতা সার্জিস আলমের দাবি, ‘সেই ৫ অগস্ট (২০২৪) হাসিনাকে গণভবনে পেলে মানুষ যা করতেন, উনি ফিরলে সেটাই করা হবে!’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভির কথায়, ‘মানুষের রক্ত পান করে যিনি পালিয়েছেন, তিনি দেশে ফিরে এলে ঢোল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দেওয়া হবে, এটা কারা ভাবছে? তাঁকে দণ্ড ভোগ করতেই হবে।’ আবার আওয়ামি লিগকে দেশে ডেকে আনার জন্য বিএনপি সরকারকে দুষছে জামায়াতে ইসলামি। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের আইন–শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা এবং এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়।’