পারমাণবিক অস্ত্র বর্জনের প্রস্তাব জিনপিংয়ের, তিন রাষ্ট্রপ্রধানের বৈঠকে কী নিয়ে আলোচনা?
‘মিল বেঠেঙ্গে তিন ইয়ার…’। চিনের শেনঝেন-এ APEC শীর্ষ সম্মেলন ২০২৬-এ বৃহস্পতিবার বৈঠক করেন তিন রাষ্ট্রপ্রধান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আলোচনায় উঠে আসে পারমাণবিক অস্ত্র, বাণিজ্যিক উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ৮০ মিনিট ধরে এই বৈঠক হয়। এ দিনের বৈঠকেই পারমাণবিক অস্ত্র বর্জনের প্রস্তাব রাখেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্য দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিশ্বের বৃহত্তম তিনটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে এই তিন দেশের সামনে সুযোগ রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যাগুলোর সমাধানে নতুন পথ খুঁজে বের করা এবং একটি নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার। চিনের গণমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠক শেষে একটি ‘শান্তি ঘোষণা’ জারি হয়।
ত্রিপাক্ষিক বৈঠকে এ দিন একটি বিবৃতিতে শি জিনপিং বলেন, ‘পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা উচিত। পারমাণবিক যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনওই হওয়া উচিত নয়; এটি প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে কোনও দেশের পক্ষেই তাদের কাছে থাকা অস্ত্র ত্যাগ করা বেশ চ্যালেঞ্জিং, বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণ কঠিন কাজ। তবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
তিন রাষ্ট্রনেতার বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও। আমেরিকার প্রেসিডেন্ট জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যেন সর্বদা ‘মানুষের নিয়ন্ত্রণে’ থাকে, তা নিশ্চিত করতে বেজিং ও ওয়াশিংটনের একসঙ্গে কাজ করা উচিত। এই বিষয়ে চিনের প্রেসিডেন্টও উভয় দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকিগুলো মোকাবিলা করা যায়।
একদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাত, অন্য দিকে, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের অবস্থানের মাঝেই এই ত্রিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বিরোধ মেটানোর ব্যাপারেও জোর বার্তা দেওয়া হয়। এ প্রসঙ্গে চিনের প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘আজকের বিশ্ব আর বিচ্ছিন্ন দ্বীপগুলোর সমষ্টি নয়। মানবজাতি একটি একক ‘বিশ্বগ্রাম’-এ বাস করে, যেখানে সবার ভাগ্য একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে।’