পাখির চোখ ২০৪৭, মন্ত্রীদের রোডম্যাপ বোঝালেন মোদী - 24 Ghanta Bangla News
Home

পাখির চোখ ২০৪৭, মন্ত্রীদের রোডম্যাপ বোঝালেন মোদী

Spread the love

এই সময়, নয়াদিল্লি: ‘গরিবি হটাও’ স্লোগান দিয়ে তাঁর সরকারের কার্যকালের শুরু থেকেই দারিদ্র দূরীকরণ অভিযান শুরু করেছিলেন তিনি, আর তাতেই ১২ বছরে দেশের ৫০ কোটির বেশি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে নিয়ে আসা সম্ভবপর হয়েছে— বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে পরিসংখ্যান–সহ এই তথ্যই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূত্রের খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রী স্মরণ করেন ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পরে সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র প্রথম বৈঠকে দেওয়া তাঁর বক্তৃতার কথা৷

তিনি তখনই ঘোষণা করেছিলেন, এই সরকার দরিদ্রদের জন্য নিবেদিত। বিশ্বব্যাঙ্কের একটি প্রতিবেদন এখন বলছে, গত দশ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ২০৪৭ সালে দেশের স্বাধীনতার শতবর্ষের আগে সম্পূর্ণভাবে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সরকারের এই কার্যকারিতা ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে চিহ্নিত হবে, দাবি মোদীর৷ এই মর্মেই আগামীর রোডম্যাপ তৈরিতে জোর দিয়েছেন তিনি৷

সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সার্বিক বিকাশ মাথায় রেখে তৈরি প্রস্তাবিত এই রোডম্যাপে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের উপরে জোর দিয়েছেন মোদী, এমনই দাবি সরকারি সূত্রের৷ বুধবার দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসে প্রধানমন্ত্রী তাঁর সতীর্থদের পারফরম্যান্স খতিয়ে দেখেন বলেই সরকারি সূত্রের দাবি৷ ২৩ অগস্ট এবং ১ সেপ্টেম্বর একইরকম ভাবে ‘কাউন্সিল অফ মিনিস্টার্স’ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী৷

সেদিন যেখানে শেষ করেছিলেন তিনি, এ দিন ঠিক সেখান থেকেই শুরু করে প্রত্যেকটি মন্ত্রকের কাজের খতিয়ান সংগ্রহ করেন প্রধানমন্ত্রী৷ সেপ্টেম্বর মাস থেকে কাজের কতটা অগ্রগতি হয়েছে এবং ২০৪৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পথে আর কী কী করা বাকি রয়েছে, তা প্রধানমন্ত্রী খতিয়ে দেখেছেন। সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছে। সরকারি প্রকল্পের পুরো সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় এবং বিভিন্ন মন্ত্রকের কাজের মধ্যে আরও ভালো সমন্বয় থাকে, সে বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী৷

সেই প্রসঙ্গেই মাওবাদী প্রভাব থেকে মুক্ত হওয়া রাজ্যগুলির বিশেষ বিশেষ অঞ্চলের সার্বিক বিকাশের গুরুত্বের উপরেও জোর দিয়েছেন মোদী৷ এই সব এলাকার উন্নয়নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে যেন কোনও ঘাটতি না থাকে, তার জন্য সব ক’টি মন্ত্রককে বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী৷ সমাজের সর্বস্তর বিশেষত জেন জ়ি প্রতিনিধিদের সঙ্গে প্রত্যেক মন্ত্রীকে নিরন্তর যোগাযোগ রেখে চলার নির্দেশও দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *