Kalyan Banerjee: ‘আমার লেভেলটা জানে না…’, আখরুজ্জামান আর চিফ হুইপ নেই! প্রতারণার অভিযোগ কল্যাণের | TmC MP Kalyan Banerjee Claims Akhruzzaman is not Chief Whip Anymore, Alleges Fraud
বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Image Credit: TV9 বাংলা
কলকাতা: সাংসদ বনাম বিধায়কের লড়াই। তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো হতেই দলের অন্দরের কাদা ছোড়াছুড়ি বেরিয়ে পড়ছে বাইরে। শ্রীরামপুরের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয় নিয়ে প্রশ্ন তুলেছেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। তাঁর পাল্টা জবাব দিলেন কল্যাণ। তাঁর লেভেল ঠিক কী, বুঝিয়ে দিলেন। একইসঙ্গে বিস্ফোরক অভিযোগও আনলেন আখরুজ্জামানের বিরুদ্ধে।
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সদস্য আখরুজ্জামান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে। কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসাবে ফি নিয়ে তদন্ত করে শ্বেতপত্র দাবি করেছেন। এই প্রসঙ্গে শ্রীরামপুরের সাংসদ বলেন, “প্রথম কথা, আখরুজ্জামান এখন আর চিফ হুইপ নেই। ডিভিশন বেঞ্চের অর্ডারে দুই মাসের জন্য প্রবেশনাল অর্ডার ছিল, সেটা ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে। তারপর আর মেয়াদ বাড়ানো হয়নি। অতএব, উনি আর চিফ হুইপ নেই। বিরোধী দলনেতা ও চিফ হুইপ হিসাবে যে মাইনে, সুবিধা পাচ্ছেন, এটা ফ্রড (প্রতারণা)। বিরোধী দলনেতা, চিফ হুইপ মাইনে নিচ্ছেন, গাড়ি ব্যবহার করছেন, অফিস ব্যবহার করছেন। এটা তদন্ত হওয়া উচিত।”
আখরুজ্জামানকে আক্রমণ করে বলেন, “আখরুজ্জামানের মুর্শিদাবাদে গরু পাচার কেসে নাম জড়িত ছিল। ইডি-সিবিআই তদন্ত করেছে। আবার মুর্শিদাবাদে যাব। চর বাজিতপুর ইকো পার্ক ডেভেলপমেন্ট নিয়ে কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে, যাতে ওঁর নাম জড়িত। কোন খাতে কত বরাদ্দ হয়েছিল, তদন্ত চাই। ওর বাবা হবিবুর রহমান, আমি যখন বিধায়ক ছিলাম, উনিও ছিলেন। তেঘড়িয়া অঞ্চলে হাইস্কুলের সামনে জমি আছে। কার টাকায়? উৎস কী? আখরুর ভাই গ্যাসের এজেন্সি কীভাবে হয়?”
তিনি আরও বলেন, “আখরুজ্জামান নিজে এনামুলের সঙ্গে পরোক্ষভাবে গরু পাচারে জড়িত ছিল বলে অভিযোগ আছে। এগুলো ওঁর অঞ্চলের লোকেরা বলছে। ওঁ নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিল, আমায় দেখে ভোট দিন বা না দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দিন।”
শেষে সেটিং তত্ত্ব তুলে বলেন, “আমার ছেলে প্রতিষ্ঠিত আইনজীবী । হাইকোর্টের, আখরুজ্জামান লেভেলটা বুঝবে না। যারা ওঁর মতো অশিক্ষিত, বুঝবে না। পার্টির জন্য হাজার হাজার কেস লড়েছি। চোররা ওই তৃণমূল করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফট টার্গেট করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না, আমি জানি আখরুজ্জামানের কার সঙ্গে সেটিং আছে। বেশি চালাকি করো না।”