Agnimitra Paul on Transgender: ভিক্ষাবৃত্তি নয়, এবার পুরসভার কর আদায় করবে ট্রান্সজেন্ডাররা, বড় প্ল্যান সামনে আনলেন অগ্নিমিত্রা | Minister Agnimitra Paul Plans to Engage Transgenders to Recover Pending Tax of Govt - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul on Transgender: ভিক্ষাবৃত্তি নয়, এবার পুরসভার কর আদায় করবে ট্রান্সজেন্ডাররা, বড় প্ল্যান সামনে আনলেন অগ্নিমিত্রা | Minister Agnimitra Paul Plans to Engage Transgenders to Recover Pending Tax of Govt

Spread the love

পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল।Image Credit: PTI

কলকাতা: তৃতীয় লিঙ্গ বলে আর অবহেলা নয়। ট্রান্সজেন্ডারদের জন্য কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগের কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরসভার কর আদায়ে এবার ট্রান্সজেন্ডারদের যুক্ত করার ভাবনা।

রাজ্যের একাধিক পুরসভা আর্থিক চাপের মুখে। গত কয়েক বছর ধরে বাড়ি ও সম্পত্তি কর অনেকেই নিয়মিত না দেওয়ায় পুরসভাগুলির উপরে বকেয়া অর্থের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে কর আদায় বাড়াতে নতুন উদ্যোগের কথা জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী জানিয়েছেন, রাস্তায় ভিক্ষা করেন, এমন ট্রান্সজেন্ডারদের পুনর্বাসনের জন্য একটি নীতি তৈরির কাজ করছে রাজ্য সরকার। তাঁদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাড়ি ও সম্পত্তি কর আদায়ের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কাজের জন্য তাঁদের সাম্মানিকও দেওয়া হবে।

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এর ফলে একদিকে পুরসভাগুলির কর আদায়ের কাজে গতি আসবে, অন্যদিকে ট্রান্সজেন্ডারদেরও সম্মানের সঙ্গে জীবনযাপন করার সুযোগ তৈরি হবে। তাঁরা সমাজের বিভিন্ন কাজে সরাসরি অবদান রাখতে পারবেন।

কলকাতা পুরসভার বকেয়া অর্থ-

সরকারি হিসাব অনুযায়ী, কলকাতা পুরনিগমের (KMC) বাড়ি ও সম্পত্তি কর বাবদ প্রায় ৬,৮৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। প্রায় ৪ লক্ষ করদাতা এই বকেয়ার তালিকায় রয়েছেন। এই বিপুল বকেয়ার প্রায় অর্ধেক মূল করের টাকা। বাকি অংশ হল দীর্ঘদিন কর না দেওয়ার কারণে জমা হওয়া সুদ ও জরিমানা।

কর আদায় বাড়াতে ইতিমধ্যেই বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় বাড়ির মালিকরা বকেয়া কর মেটালে, মূল করের পুরো টাকাই মকুব করা হচ্ছে। পাশাপাশি জরিমানার ৯০ শতাংশও ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারের লক্ষ্য হল, এই সুবিধা দিয়ে দীর্ঘদিনের করখেলাপিদের বকেয়া মেটাতে উৎসাহিত করা এবং পুরসভাগুলির আয় বাড়ানো।

একই সঙ্গে ট্রান্সজেন্ডারদের প্রশিক্ষণ দিয়ে কর আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজে যুক্ত করার পরিকল্পনাকে সামাজিক পুনর্বাসনের উদ্যোগ হিসেবেও দেখছে রাজ্য সরকার। এর ফলে তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পুরসভাগুলির কাজেও সহায়তা মিলবে বলে মনে করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *