ABVP: বিমান বসুর বয়স হয়েছে, এই ভিড়ে এলে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে: ABVP | ABVP Takes a Jibe at Biman Bose Over Age, Says 'He Is Old, What If He Suffers a Heart Attack in Crowd?' - 24 Ghanta Bangla News
Home

ABVP: বিমান বসুর বয়স হয়েছে, এই ভিড়ে এলে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে: ABVP | ABVP Takes a Jibe at Biman Bose Over Age, Says ‘He Is Old, What If He Suffers a Heart Attack in Crowd?’

Spread the love

ABVP: বিমান বসুর বয়স হয়েছে, এই ভিড়ে এলে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে: ABVP

এবিভিপির সাংবাদিক বৈঠক।Image Credit: TV9 বাংলা

কলকাতা: কলেজ স্ট্রিটে বামেদের বুক স্টল ঘিরে বুধবার ছড়িয়েছিল উত্তেজনা। এসএফআই (SFI) ও এবিভিপি (ABVP)-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এমনকী, বিমান বসু (Biman Bose)-কে উদ্দেশ্য় করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য এবিভিপি(ABVP)-র কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারীর। তিনি বললেন, “বিমান বসুর হার্ট অ্যাটাক হয়ে গেলে আমাদেরও খারাপ লাগবে, এইসব ঝামেলার এরিয়া থেকে বিপন্মুক্ত থাকুন।”

এ দিন এবিভিপি কলকাতার তরফে সাংবাদিক বৈঠক করা হয়। শুরুতেই তাঁরা বলেন যে প্রেসিডেন্সি কলেজ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। বামপন্থী ও এসএফআই সংগঠন এবিভিপির কর্মী-সমর্থকদের মারধর করেছে।

এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী দাবি জানান দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের। এরপরই বিমান বসুকে আক্রমণ করে তিনি বলেন,  “ব্যক্তি বিমান বসুর সঙ্গে রাজনৈতিকভাবে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। ব্যক্তি বিমান বসু একজন অশীতিপর বৃদ্ধ, প্রবীণ রাজনৈতিক নেতা। তাঁর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা আছে কিন্তু রাজনৈতিকভাবে আমরা সম্পূর্ণভাবে বামপন্থী মতাদর্শের বিরোধী। এখন বিজেপি অনেক বেশি সহনশীল। এই কলেজ স্ট্রিটেই বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ কলেজে একটা সময় এসএফআই আর ছাত্র পরিষদ বোম ফেলত। বোম ফেলতে ফেলতে শিয়ালদহ স্টেশনে ঢুকে যেত। এবিভিপি অনেক সহনশীল। বিমান বসুর বয়স হয়েছে, প্রায় ৯০-র কাছাকাছি বয়স। এই ভিড়ে এলে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে! কিছু হয়ে গেলে আমাদেরও খারাপ লাগবে। আমরা চাই, উনি সুস্থ থাকুন, আমাদের মাঝে আরও দীর্ঘদিন থাকুন। এইসব ঝামেলার এরিয়া থেকে দূরে থাকুন, বিপন্মুক্ত থাকুন। বামপন্থীরা পরিকল্পিতভাবে বয়স্ক লোকদের ঝামেলার মধ্যে নিয়ে আসে সেন্টিমেন্টের সুড়সুড়ি দিতে। সেন্টিমেন্টে সুড়সুড়ি আমাদের বিশেষ লাগে না।”

বামেদের মতাদর্শের তীব্র বিরোধিতা করে বলেন, “ছত্তীসগঢ়ে যেভাবে মাওবাদী দমন করা হয়েছে, সেইভাবে বামপন্থীদেরও দমন করতে হবে। বামপন্থী, অতি বামপন্থী একই। বিভিন্ন ব্রান্ডে চলে। আমাদের স্পষ্ট বক্তব্য, ডাইনোসর ফিরে আসতে পারে কিন্তু ক্যাম্পাসে বামেরা ফিরবে না। মৃত শক্তিকে ফিরতে দেব না। আমাদের কাছে সঞ্জীবনী সুধাও নেই।”

শুভব্রত অধিকারী আরও আক্রমণ করে বলেন, “তৃণমূল আমলে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে গর্তে ঢুকে গিয়েছিল বামেরা। আমরা মুক্ত গণতন্ত্রের পরিবেশ দিয়েছি বলেই এসএফআই ক্যাম্পাসের মুখ দেখার সুযোগ পাচ্ছে। আমরা না চাইলে এসএফআই ক্যাম্পাসের মুখ দেখতে পাবে না।”

এবিভিপির আরেক নেতা বলেন, “বইয়ের বিরুদ্ধে বইয়েরই লড়াই হবে। ওরা যদি লেনিন, মার্ক মার্কসের বই বিক্রি করে, তাহলে আমরাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দের সাহিত্যের বই বিক্রি করব। মানুষ ঠিক করবে যে তারা কার্ল মার্কসের সাহিত্য কিনবে নাকি কেশব বলিরাম বা স্বামী বিবেকানন্দের সাহিত্য কিনবে। আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যেভাবে দুইজন বামপন্থী ছাত্রী স্বামী বিবেকানন্দকে ধর্ষক লিখে একটা অরাজকতার পরিস্থিতি, ছাত্রছাত্রীদের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে, তাতে এসএফআইয়ের কী বক্তব্য? পদক্ষেপ করা হয়েছে, কম শাস্তি হলে ভালো হত। জগদ্ধাত্রী পুজোয় নাকি বুক স্টল দেবে, বিগত ২৫ বছর ধরে দিচ্ছে। আমরাও কলকাতায় থাকি, কোনওদিন জগদ্ধাত্রী পুজোয় বুক স্টল দিতে দেখিনি। হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। তাদের নাকি ১৬ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। টাকা গোনার মেশিন এনেছিল। হুকিংয়ের পারমিশন কে দিল? আমরা সিইএসসি-কে অভিযোগ জানিয়েছি। যেখানে যেখানে বামপন্থীদের বুক স্টল হবে তার বিপরীতে সুশান্ত ঘোষের ভিডিয়ো চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *