সকলকে প্র্যাঙ্ক করেন উদয়, এবার নিজেই পড়লেন ফাঁদে! কী কাণ্ড ঘটালেন সহকর্মীরা? - 24 Ghanta Bangla News
Home

সকলকে প্র্যাঙ্ক করেন উদয়, এবার নিজেই পড়লেন ফাঁদে! কী কাণ্ড ঘটালেন সহকর্মীরা?

Spread the love


কলকাতা: টলিপাড়ার মিষ্টি দম্পতি উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, দু’জনের রসায়ন বরাবরই নজর কাড়ে অনুরাগীদের। কিন্তু এবার স্বামী-স্ত্রীকে একসঙ্গে…

কলকাতা: টলিপাড়ার মিষ্টি দম্পতি উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, দু’জনের রসায়ন বরাবরই নজর কাড়ে অনুরাগীদের। কিন্তু এবার স্বামী-স্ত্রীকে একসঙ্গে চমকে দিলেন ধারাবাহিক ‘পরিণীতা’র কলাকুশলীরা। এমন কাণ্ড ঘটালেন তাঁরা, যা দেখে প্রথমে হতবাক হয়ে যান উদয় ও অনামিকা। পরে অবশ্য সেই ঘটনায় হাসি থামেনি অভিনেত্রী অনামিকার।

২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেন উদয় ও অনামিকা। দীর্ঘদিন ধরে টেলিভিশনের পরিচিত মুখ উদয়। পার্শ্বচরিত্রে অভিনয় থেকে শুরু করে বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। অন্যদিকে, বেশ কিছুদিন বিরতির পর আবার শুটিংয়ে ফিরেছেন অনামিকা।

কিন্তু সম্প্রতি শুটিং শেষে বাড়ি ফেরার সময় উদয়ের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত চমক। অভিনেতার অজান্তেই তাঁর গাড়ির ভিতরে কার্তিক ঠাকুর রেখে দেন ‘পরিণীতা’র সহকর্মীরা। গোটা বিষয়টি আগে থেকে জানতেন না উদয়। ফলে গাড়িতে কার্তিকের উপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি।

ঘটনার কথা একটি ভিডিওবার্তায় অনুরাগীদের জানিয়েছেন অনামিকা। স্বামীর সঙ্গে ঘটে যাওয়া এই মজার অভিজ্ঞতা বলতে গিয়ে নিজেও হেসে কুটোপাটি অভিনেত্রী। সাধারণত অন্যদের সঙ্গে মজা করতে ভালোবাসেন উদয়। কিন্তু এবার যে তাঁকেই এমন প্র্যাঙ্কের শিকার হতে হবে, তা ভাবতে পারেননি কেউই।

কার্তিক ঠাকুর যখন বাড়িতে এসেই পড়েছেন, তখন নিয়ম মেনে পুজোর আয়োজনও করতে হয়েছে দম্পতিকে। মঙ্গলবার উদয়-অনামিকার বাড়িতে পুজো হয়। অনামিকা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, কার্তিক এলেও এখনই তাঁদের সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা নেই। লোকবিশ্বাস অনুযায়ী, কার্তিক ঠাকুরকে নিঃসন্তান দম্পতির ঘরে রেখে আসার প্রচলন রয়েছে। সেই প্রথা মেনেই আগামী তিন বছর পুজো করতে হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে সহকর্মীদের এই দুষ্টুমিতে বেশ মজাই পেয়েছেন উদয় ও অনামিকা। আর যে উদয় অন্যদের সঙ্গে প্র্যাঙ্ক করতে ওস্তাদ, তাঁকেই এমন ফাঁদে পড়তে দেখে নেটপাড়াতেও হাসির রোল।

অমিতাভের ‘জলসা’ নিয়ে পরিবারে সম্পত্তির বিবাদ! ১৯৯৩ সালের দলিল চ্যালেঞ্জ বৌদির

অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বোমাতঙ্ক! নিশানায় বম্বে হাইকোর্ট ও স্টক এক্সচেঞ্জও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *