ব্রিগেডে দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এই সময়, কলকাতা ও মুর্শিদাবাদ: আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠান হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানান, ব্রিগেডে দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ওই অনুষ্ঠানে হাজির থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং যোগগুরু রামদেব। মঞ্চ থেকেই রামভদ্রাচার্যজি মহারাজকে (রামচন্দ্র দাসজি) এই গীতাপাঠের আসরে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানান শুভেন্দু।
নেতাজি ইন্ডোরে এ দিনের অনুষ্ঠানে যুব প্রজন্মের অংশগ্রহণ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, যুব সমাজের হাত ধরেই ২০৪৭–এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে। এ প্রসঙ্গে হনুমান চালিশা পাঠের আসরে শুভেন্দু বলেন, ‘এত বছর ধরে সনাতন ধর্মকে অপমান করা হয়েছিল। বামেরা নাস্তিক, সনাতন ধর্মবিরোধী। তাঁরা কখনও কোনও ভগবানের নামে জয়ধ্বনি দেয়নি। আর তৃণমূল তো মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিয়েছিল। এ বার আর ওসব চলবে না। বাংলায় হিন্দু ভাইবোনেরা এখন মনপ্রাণ খুলে নিজেদের ধর্ম পালন করবেন।’
তাঁর সংযোজন, ‘হনুমান চালিশা পাঠের আসরে এত সংখ্যায় যুবদের দেখে বোঝা যাচ্ছে, তাঁরা নিজেদের ধর্মাচরণে কতটা আগ্রহী। এটা আপনাদের সরকার। আপনাদের হাত ধরেই ২০৪৭–এ ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে।’ ধর্মীয় ও সামাজিক পরিকাঠামো বিস্তারের লক্ষ্যে এ দিন রামভদ্রাচার্যজি মহারাজের কাছে বিশেষ আর্জিও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহারাজের সঙ্গে আমার একাধিক বার সাক্ষাৎ হয়েছে। সেই সূত্রেই তিনি পশ্চিমবঙ্গে রামানন্দ মিশনের একটি আশ্রম এবং একটি বৃহৎ গোশালা স্থাপনের অনুরোধ জানিয়েছেন।’
কার্তিক মহারাজের আমন্ত্রণে এ দিন মুর্শিদাবাদের বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় যান মুখ্যমন্ত্রী। সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক বছর আমার বাড়িতে পুজো হয়। সেখানে মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিই। কিন্তু এ বার ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা আশ্রমে সন্ন্যাসী মহারাজ, আশ্রমের ব্যবস্থাপক এবং পুজোর আয়োজকরা আমাকে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ করে দিয়েছেন।’ আশ্রমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
শুভেন্দুর দাবি, সাংসদ থাকাকালীন সময় থেকেই এই আশ্রমে তাঁর যাতায়াত। পদ্মশ্রী কার্তিক মহারাজ-সহ সঙ্ঘের সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে শান্তি, সমৃদ্ধি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন কার্তিক মহারাজ।’