‘আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়...’, ভিডিয়ো কলে আত্মসমর্পণের কথা শুনে যা বলল ‘কোণঠাসা’ লস্কর কম্যান্ডার - 24 Ghanta Bangla News
Home

‘আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়…’, ভিডিয়ো কলে আত্মসমর্পণের কথা শুনে যা বলল ‘কোণঠাসা’ লস্কর কম্যান্ডার

Spread the love

জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ। গত ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের কুলগামে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে খবর আসে, কুলগামে CRPF চেকপোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত লস্কর কম্যান্ডারের খোঁজ মিলেছে। নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নিয়েছে সে। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাটকে। তবে গুলির লড়াইয়ের মাঝেই উঠে এল অন্য এক ছবি। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর তরফে এক মিডিয়টরের মাধ্যমে ভিডিয়ো কল করা হয়। কোণঠাসা জঙ্গিকে ভিডিয়ো কলে আত্মসমর্পণের শেষ সুযোগ দেওয়া হয়। আশ্বাস দেওয়া হল, আত্মসমর্পণ করলে পাশে থাকবে নিরাপত্তা বাহিনী। কিন্তু সেই প্রস্তাবে কি রাজি হলেন লতিফ? ভিডিয়ো কলে তাঁর জবাব, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।’

আত্মসমর্পণের প্রস্তাবে যা বলল লস্কর কম্যান্ডার

জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর অফিসারের মধ্যে হওয়া কথোপকথন হিসেবে প্রকাশ্যে এসেছে একটি ভি়ডিয়ো। তাতে শোনা যাচ্ছে, লস্কর জঙ্গিকে বার বার আত্মসমর্পণ করার জন্য বোঝাচ্ছেন এক আধিকারিক। তাকে আশ্বস্ত করে বলা হয়, ‘হাম তুমহারে সাথ হ্যায়’ অর্থাৎ, ‘আমরা তোমার সঙ্গে আছি।’ কেন সংঘর্ষের পথ বেছে নিচ্ছে সে, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই আধিকারিক। লতিফকে বোঝানোর চেষ্টা করা হয়, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করলেই পরিস্থিতির অন্য সমাধান হতে পারে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সেই আশ্বাসে মত পরিবর্তন হয়নি লস্কর জঙ্গি কম্যান্ডারের। রং নিজের অবস্থানে অনড় থেকে ধর্মীয় প্রসঙ্গ টেনে আত্মসমর্পণের প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে সে। ভিডিয়ো কলে লতিফকে বলতে শোনা যায়, ‘মুঝে আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়। ম্যায় বহুত খুশ হুঁ।’ অর্থাৎ, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।’ তাঁর এই জবাবের পরেও তাঁকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা চলতে থাকে।

কী ভাবে নিরাপত্তা বাহিনীর নজরে লতিফ?

গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় একটি CRPF চেকপোস্টে হামলার ঘটনায় নাম জড়িয়েছিল লতিফ ভাটের। ওই হামলায় তিন জন CRPF কর্মী আহত হন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে হামলার আগের দিন, অর্থাৎ ১০ নভেম্বর লতিফ ও তাঁর সহযোগী উমর নিসার দারকে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়।

পুলিশের দাবি, হামলার আগে সম্ভাব্য টার্গেট চিহ্নিত করতে কুলগামের মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় রেইকি করেছিল তারা। পরের দিন আখরানের CRPF নাকায় হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দু’জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য হাতে আসে তদন্তকারীদের।

এর পর থেকেই লতিফকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গত সোমবার কুলগামের লারু এলাকায় ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লতিফ ও উমর। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় উমরের। তবে গুলিবিদ্ধ অবস্থাতেও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ এড়িয়ে পালাতে সক্ষম হয় লতিফ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, ওই সংঘর্ষে লতিফেরও মৃত্যু হয়েছে। কিন্তু পরে তাঁর দেহ উদ্ধার না হওয়ায় নতুন করে তল্লাশি শুরু হয়।

অবশেষে নিরাপত্তা বাহিনীর হাতে লতিফ। কিন্তু আত্মসমর্পণের প্রস্তাব খারিজের পরে তার শেষ পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা বাহিনীর তরফে কোনও তথ্য এখনও জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *