আত্মসমর্পণে নারাজ, মসজিদ থেকে বেরোতেই গুলি! কুলগামে খতম লস্কর কমান্ডার - 24 Ghanta Bangla News
Home

আত্মসমর্পণে নারাজ, মসজিদ থেকে বেরোতেই গুলি! কুলগামে খতম লস্কর কমান্ডার

Spread the love


শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-ই-তইবার (LeT) জঙ্গি লতিফ ভাটের। বুধবার ভোরে একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল সে। দীর্ঘক্ষণ ধরে তাকে আত্মসমর্পণের…

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল লস্কর-ই-তইবার (LeT) জঙ্গি লতিফ ভাটের। বুধবার ভোরে একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল সে। দীর্ঘক্ষণ ধরে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও তাতে রাজি হয়নি লতিফ। শেষ পর্যন্ত মসজিদ থেকে বেরিয়ে আসার পর নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তার। গত সপ্তাহে কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় এই জঙ্গি সন্দেহভাজন ছিল।

পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তইবায় যোগ দিয়েছিল লতিফ। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, নিজেই উগ্রপন্থায় প্রভাবিত হয়েছিল সে। সীমান্তের ওপার থেকে পাওয়া নির্দেশ মেনে কাশ্মীরের শান্তি, পর্যটন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানোর দায়িত্ব ছিল তার উপর।

বুধবার ভোরে কুলগামের একটি মসজিদের ভিতরে লতিফকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এরপর বারবার তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। কুলগামের পুলিশ সুপার (SSP) আনায়ত আলি ভিডিও কলের মাধ্যমে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করলে প্রাণে বাঁচানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসারও তাকে আত্মসমর্পণের জন্য একাধিকবার অনুরোধ করেন।

কিন্তু কোনও প্রস্তাবেই রাজি হয়নি লতিফ। ভিডিও কলে সে জানিয়েছিল, “আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই।” এরপর রাত ২টো ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে গুলি চালায় সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মসজিদের ভিতরে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন নিরাপত্তারক্ষীরা। পরে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেই গুলিতে মৃত্যু হয় লস্কর জঙ্গির।

অভিযান চলাকালীন ধর্মীয় স্থানের ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছিলেন নিরাপত্তারক্ষীরা। মসজিদের যাতে যতটা সম্ভব কম ক্ষতি হয়, সেই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশ সুপার আনায়ত আলি। তাঁর কথায়, “আমাদের হাতে সময় এবং দিনের আলো রয়েছে।”

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের সিআরপিএফ চেকপোস্টে হামলার পর থেকেই লতিফ ও উমর নিসার দারের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দু’জনকে হামলার আগের দিন মির বাজার, আখরান, হাবলিশ ও কিলাম-সহ একাধিক এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তা সংস্থার অনুমান, হামলার লক্ষ্যস্থল চিহ্নিত করতেই ওই এলাকাগুলি ঘুরে দেখেছিল তারা। হামলার পর পালানোর দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়।

সোমবার কুলগামের লারু এলাকায় নিরাপত্তাবাহিনীর মুখোমুখি হয় দুই জঙ্গি। সংঘর্ষে উমর নিসার দার নিহত হলেও গুলিবিদ্ধ অবস্থাতেও পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। তদন্তকারীদের আরও দাবি, কুলগামে হামলার পরপরই উমর রেজিস্ট্যান্স ফ্রন্টে যোগ দিয়েছিল। অবশেষে বুধবার নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল লতিফেরও।

‘ভারতের কোনো শর্ত মানা হবে না!’ হাসিনা প্রত্যর্পণ নিয়ে তারেকের কড়া বার্তা

চিনের ‘জলবোমা’ ঠেকাতে ভারতের ঢাল সিয়াং প্রকল্প! বড় বার্তা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *