আওয়ামি লিগ আমলের মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

আওয়ামি লিগ আমলের মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ

Spread the love

শেখ হাসিনার দেশের ফেরার দিন এগিয়ে আসতেই নতুন করে উজ্জীবিত হয়েছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। গত কয়েক দিন ধরেই রাস্তা নেমে মিছিল করছেন তাঁরা। আর এরই মধ্যে শেখ হাসিনার আমলের এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠল। প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামি লিগের নেতা শ ম রেজাউল করিমের বাড়িতে কারা আগুন লাগায় তা এখনও স্পষ্ট নয়।

অন্য দিকে, বুধবার রাতেই ভাঙচুর চালানো হয়েছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের অফিসে। বিএনপি দলের এই সাংসদের অফিসে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাঁর মালিকানাধীন ক্লিনিকেও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ছাত্রলিগের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিএনপি।

গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ায় মিছিল করেছে আওয়ামি লিগ। ঢাকাতেও মিছিল করার প্রস্ততি নেওয়া হচ্ছিল। তার আগেই গ্রেপ্তার করা হয়েছে আওয়ামি লিগের ৫০০-র বেশি নেতা-কর্মীকে। মঙ্গলবার, ফরিদপুরেও আওয়ামি লিগের মিছিল ঘিরে রণক্ষেত্র হয় এলাকা। সেখানে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ।

আর বুধবারই হামলা চালানো হয়েছে শ ম রেজাউল করিমের বাড়িতে। আওয়ামি লিগের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিমের দু’টি বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পিরোজপুরের নাজিরপুরে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া বলেও অভিযোগ। সেই সঙ্গে মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতেও হামলা চালানো হয়। ৫০ থেকে ৬০ জন ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।

তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনও পরিষ্কার নয়।

এই বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম।

আর এক দিকে, বুধবার রাতে গোপালগঞ্জের থানাপাড়া এলাকায় বিএনপি দলের এমপি কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ছাত্রলিগের কয়েক জন কর্মী বাবরের অফিস এবং ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। এর পরেই ওই অফিসের আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ক্ষেত্রেও অভিযোগ ওঠে আওয়ামি লিগের কর্মীদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *