Salman Khan Gift: এক-দু’জন নয়, ২৫ জনকে ৬ লক্ষ টাকার সুইস ঘড়ি উপহার সলমনের! কারা সেই ‘লাকি’ মানুষ? - 24 Ghanta Bangla News
Home

Salman Khan Gift: এক-দু’জন নয়, ২৫ জনকে ৬ লক্ষ টাকার সুইস ঘড়ি উপহার সলমনের! কারা সেই ‘লাকি’ মানুষ?

Spread the love

Salman Khan Gift: এক-দু’জন নয়, ২৫ জনকে ৬ লক্ষ টাকার সুইস ঘড়ি উপহার সলমনের! কারা সেই ‘লাকি’ মানুষ?

বলিউডে তাঁর দাপট আর উদারতার কথা কারও অজানা নয়। সহকর্মীদের প্রতি তাঁর টান বরাবরই একটু অন্য রকম। আর সে কথারই ফের প্রমাণ পেলেন তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীরা। ছবির কাজ শেষ। এবার শুধু মুক্তির অপেক্ষা। আর ঠিক সেই সময়েই গোটা টিমকে দারুণ এক চমক দিলেন সলমন খান। সাধারণ এক কাজের মিটিংয়ের কথা বলে ডেকে সোজা সকলের হাতে ধরিয়ে দিলেন বহুমূল্যের উপহার! তাও আবার এক-দু’জনকে নয়, একেবারে ২৫ জনকে। সেই উপহারের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একেকটি সুইস ঘড়ির দাম ২ থেকে ৬ লক্ষ টাকা! কিন্তু আচমকা এমন উপহার দেওয়ার কারণ কী?

জানা গিয়েছে, গত ১২ নভেম্বর পনভেলের ফার্মহাউসে বসেছিল এই চাঁদের হাট। ১০ নভেম্বর ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ঠিক তার দু’দিন পরেই ছবির গোটা টিমকে নিজের ফার্মহাউসে ডাকেন সলমন। সবাইকে জানানো হয়েছিল, ছবির প্রচার ও আগামী দিনের পরিকল্পনা নিয়েই এই বৈঠক। ফলে কাজের প্রস্তুতি নিয়েই সেখানে পৌঁছেছিলেন সকলে। কিন্তু সেখানে পৌঁছনোর পর যে এমন চমক অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। কাপুর ওয়াচ কোম্পানির থেকে আনানো হয়েছিল লংজিনস (Longines), ট্যাগ হিউয়ার (TAG Heuer) এবং মহিলাদের জন্য রাডো (Rado)-র মতো দামি সব ঘড়ি। নিজে দাঁড়িয়ে থেকে হাসিমুখে ২০ থেকে ২৫ জন অভিনেতা ও ক্রু সদস্যের হাতে এই বহুমূল্য উপহার তুলে দেন সলমন।

কিন্তু হঠাৎ এই উপহার কেন?

আসলে এই ছবিটির বড়পর্দায় আসার পথ একেবারেই মসৃণ ছিল না। শুরুতে ছবির নাম ঠিক হয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে তা বদলে হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। প্রযোজনা থেকে মুক্তির দিনক্ষণ নিয়ে বিস্তর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এত চড়াই-উতরাইয়ের মাঝেও যাঁরা শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অভিনব উদ্যোগ নেন ভাইজান। পার্টিতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ এবং তানিয়া দেশাইরা। ছিলেন সংলাপ রচয়িতা চিন্তন শাহ-ও।

সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই যুদ্ধভিত্তিক ছবি। ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার সংঘর্ষের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই গল্প। যেখানে শহিদ কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সলমনকে। তবে বক্স অফিসে তাঁকে কড়া টক্কর দিতে চলেছে শ্রদ্ধা কাপুরের ছবি ‘ইথা’। কারণ একই দিনে মুক্তি পাচ্ছে দু’টি ছবি। বক্স অফিসে সেয়ানে-সেয়ানে লড়াই হলেও, যুদ্ধের ময়দানে নামার আগে গোটা টিমকে এমন বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়ে সলমন যে সবার মন আরও একবার জিতে নিলেন, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *