Gangtok Accident Compensation: সিকিমে শুটিংয়ে দুর্ঘটনায় মৃত বাংলার টেকনিশিয়ানের পরিবারকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ মুম্বই প্রযোজনা সংস্থার | Gangtok shooting accident compensation bengal technician family pintu mondal
হিন্দি ছবি ‘মিশন মির্চি’ (Mission Mirchi)-র আউটডোর শ্যুটিং চলাকালীন গ্যাংটকে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে মৃত্যু হয় কলকাতার এক লাইট টেকনিশিয়ানের। নিহত কর্মীর নাম পিন্টু মণ্ডল। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক বাবর আলি মোল্লা (৩৬)। বুধবার মৃত পিন্টু মণ্ডলের পরিবারকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল মুম্বইয়ের প্রযোজনা সংস্থা।
ঠিক কী ঘটেছিল পাহাড়ি রাস্তায়?
জানা যায়, গত সোমবার রাতে গ্যাংটকের পাহাড়ি রাস্তায় শ্যুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। গাড়িতে থাকা কলাকুশলীরা আহত হন। গুরুতর জখম অবস্থায় পিন্টু মণ্ডলকে দ্রুত সিকিমের গ্যাংটকের সরকারি হাসপাতালে (STNM Hospital) ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ১৭ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই লাইটম্যান। অন্যদিকে, এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত গাড়িচালক বাবর আলি মোল্লা বর্তমানে চিকিৎসাধীন।
মৃত পিন্টু মণ্ডল কলকাতার সুপরিচিত টেকনিশিয়ান ও লাইট সাপ্লাই সংস্থা ‘Light & Light’-এর অধীনে লাইট বিভাগের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বম্বের একটি নামী প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে হিন্দি ছবি ‘মিশন মির্চি’। ছবির আউটডোর শ্যুটিংয়ের জন্য গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও তার সংলগ্ন এলাকায় শ্যুটিং ইউনিটটির থাকার কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই এই ভয়াবহ দুর্ঘটনা সব ওলটপালট করে দেয়।
সহকর্মী হারানোর এই দুঃখের দিনে মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন ও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। টিভি নাইন বাংলাকে ফেডারেশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, মুম্বইয়ের ওই প্রযোজনা সংস্থা মৃত পিন্টু মণ্ডলের পরিবারকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে। ইতিমধ্যেই সেই অর্থ তাঁর পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে।
পাশাপাশি, দুর্ঘটনায় গুরুতর আহত গাড়িচালক বাবর আলী মোল্লার চিকিৎসার সমস্ত খরচও বহন করছে মুম্বইয়ের প্রযোজনা সংস্থাটি। শুধু তাই নয়, চালকের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও প্রযোজনা সংস্থার সঙ্গে ইতিবাচক কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।