বুনো হাতি, লেপার্ডদের সামলাতে ৫০০ পুলিশ? দপ্তরে কর্মিসঙ্কট
প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘কিছু ধোঁয়াশা রয়েছে। যেমন, ফরেস্ট্রি সাবজেক্ট না–জানা কনস্টেবল বন দপ্তরে কি শুধু পুলিশিং করবে? অর্থাৎ ধরপাকড় করবে বা গাড়ি চেক করবে? ওখানে তো বনসৃজন করতে হয়। গাছ রোপণ, গাছ কাটার পদ্ধতি জানতে হয়, কোন মাসে কোন গাছে ফল ধরে, কী ভাবে তা থেকে নার্সারিতে চারা তৈরি করতে হয় — এই সব করতে পারবে পুলিশ? প্রাণের ঝুঁকি নিয়ে গন্ডার, লেপার্ড বা হাতিকে লোকালয় থেকে ড্রাইভ করতে পারবে? ফরেস্ট ইঞ্জিনিয়ারিং না–শিখিয়ে ডেপুটেশনে আসা পুলিশকর্মীদের দিয়ে বন্যার সময়ে জঙ্গলের ভাঙা রাস্তা বা সেতু জরুরি ভিত্তিতে সারানো যাবে তো? বনকর্মীরা কিন্তু দেশের সেনাবাহিনীর থেকে কাজটা শিখে আসেন।’ রাজ্যের প্রশাসনিক কর্তাদের একাংশের মনে আরও একটি ধন্দ রয়েছে। বিভিন্ন জঙ্গলে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ওয়্যারলেস মনিটরিং হয় — যা কঠোরভাবে গোপন থাকে। বন দপ্তরের কাজের সেই গোপনীয়তার শর্ত এই ডেপুটেশন–মডেলে লঙ্ঘিত হবে না তো?