দলগত অবস্থানের ব্যাখ্যা চাই, সুদীপদের ডেডলাইন লোকসভার অধ্যক্ষের
এই সময়, নয়াদিল্লি: নিজেদের দলগত অবস্থান ব্যাখ্যা করার জন্য এনসিপিআই সাংসদদের চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সোমবার স্পিকারের নির্দেশ, আগামী ২৪ নভেম্বরের মধ্যে দলগত অবস্থান ব্যাখ্যা করতেই হবে৷ এরপরে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না— দলত্যাগী তৃণমূল সাংসদদের উদ্দেশে পাঠানো চিঠিতে সাফ জানানো হয়েছে সে কথাও, সংসদীয় সূত্রে এমনই দাবি৷
স্পিকারের অফিস থেকে বলা হয়েছে, এনসিপিআইয়ে যোগদানকারী ২০ জন সাংসদকে জানাতে হবে, কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না? কালীঘাট তৃণমূলের তরফে লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ২০ জন এনসিপিআই সাংসদের এমপি–পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দিয়েছিলেন৷ তার প্রেক্ষিতেই এনসিপিআই সাংসদদের জবাব তলব করেছেন স্পিকার৷
সামনেই সংসদের শীতকালীন অধিবেশন, যেখানে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য মরিয়া হবে সরকারপক্ষ৷ তার আগে এনসিপিআই সাংসদদের জবাব ও স্পিকারের নির্দেশের দিকেই নজর গোটা দেশের৷ ৪ মে রাজ্যে পালাবদলের কিছুদিনের মধ্যেই শিবির পরিবর্তন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়–সহ তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ৷ অনামী দল, এনসিপিআই-তে যোগ দেন তাঁরা৷ সুদীপরা এ–ও জানান, নতুন দলে যোগদানের পরে তাঁরা এনডিএ শিবিরের অংশ হিসেবেই কাজ করবেন৷
এর ঠিক এক সপ্তাহ পরেই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ-কাকলিদের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে ২০ জন সাংসদের নামে ২০টি আলাদা ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা দেন তিনি।সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন অভিষেক।
স্পিকারের নোটিসের প্রেক্ষিতে নিজেদের দলগত অবস্থান জানানোর জন্য বারবার সময় চান ২০ জন এনসিপিআই সাংসদ৷ শেষ বার বলা হয়েছিল দীপাবলি-ছটপুজোর পরে নোটিসের জবাব দেওয়া হবে। সোমবার তাঁদের শেষবারের মতো সময় দেওয়া হলো স্পিকারের অফিসের তরফে৷