‘চোলি কে পিছে…’, ব্যাকলেস ব্লাউজ় আর লেহেঙ্গায় নজর কাড়লেন ‘হট’ সারা আলি খান
বিয়েবাড়ি বা উৎসবের মরশুম মানেই পোশাক নিয়ে চুলচেরা বিশ্লেষণ। আর ফ্যাশনের ‘গোল্ডেন গোল’ সেট করার ক্ষেত্রে বলিউড ডিভারা সবসময়ই এক ধাপ এগিয়ে থাকেন। দীপাবলির পার্টিতে তেমনই এক জমকালো লুকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ডিজ়াইনার গোপি বৈদ্যর কাস্টম-মেড মাল্টি-হিউড লেহেঙ্গায় তাঁর সাম্প্রতিক লুক ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
ব্রাইডমেড বা বিয়ের অন্য কোনও অনুষ্ঠানে একটু অন্যরকম ও জমকালো সাজের ইচ্ছে থাকলে সারার এই লুকটি আপনার পছন্দ হতেই পারে।
-
ব্লাউজ়ের ডিজ়াইন: সারার এই পোশাকের মূল আকর্ষণ হলো তার নজরকাড়া ব্লাউজ় বা চোলি। পার্পল বেস ফ্যাব্রিকের উপর এই হল্টার-নেক ব্লাউজ়ে রয়েছে প্রচুর পরিমাণে জরি-চুমকির কাজ। ব্লাউজ়ের হেমলাইনে ঝুলন্ত ফ্রিঞ্জ ডিটেলিং পোশাকটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। পিছন দিকে কেবল দুটি সরু ডোরি দেওয়া এই ব্যাকলেস চোলিটি ঐতিহ্য ও গ্ল্যামারের নিখুঁত ভারসাম্য বজায় রেখেছে।
-
লেহেঙ্গার কারুকার্য: গোপি বৈদ্যর সিগনেচার স্টাইলেই তৈরি হয়েছে এই মাল্টি-হিউড লেহেঙ্গা স্কার্টটি। গোলাপি, পার্পল এবং সবুজ—এই তিনটি সম্পূর্ণ আলাদা রঙের প্যানেল একসঙ্গে সেলাই করে লেহেঙ্গাটি তৈরি করা হলেও এর কালার প্যালেট বেশ মানানসই। প্রতিটি প্যানেলেই রয়েছে সুন্দর ফ্লোরাল মোটিফ এবং মিরর ওয়ার্কের নিখুঁত কাজ।
স্টাইলিস্ট প্রাচী সিংয়ের স্টাইলিংয়ে সারার এই ‘রয়্যাল’ লুক পূর্ণতা দিয়েছে মানানসই অ্যাক্সেসরিজ়। পোশাকের সঙ্গে মিলিয়ে তিনি পরেছেন মোটা রুপোলি কড়া এবং কানে মানানসই ইয়ার-কাফ।
মেকআপের ক্ষেত্রে সারা বেছে নিয়েছেন সফট ব্রাউন টোন এবং স্মোকি আইজ়। ঠোঁটের ন্যাচারাল গ্লসি ব্রাউন লিপস্টিক পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্যাকলেস ব্লাউজ়ের ডিজ়াইনটি দারুণ ভাবে ফুটে উঠেছে চুলে খোঁপা করে বাঁধায়।