ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’ (Cyclone Akvan)। সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি অতি…
কলকাতা: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’ (Cyclone Akvan)। সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়। আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে নেল্লোর এবং টুনির মাঝামাঝি এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়
সোমবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে এগোচ্ছিল। তখন এটি ত্রিঙ্কোমালি থেকে প্রায় ৬৩০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে, শ্রী বিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে প্রায় ৯১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হবে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় এবং ১৭ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরপর শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২০ নভেম্বর উপকূলে আছড়ে পড়তে পারে।
১৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাব এখনই দক্ষিণবঙ্গে সরাসরি পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে সপ্তাহের পরের দিকে ঘূর্ণিঝড়ের বাইরের মেঘের অংশের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে।
১৮ নভেম্বর সকাল থেকে ১৯ নভেম্বর সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৯ থেকে ২১ নভেম্বর বাড়বে বৃষ্টির দাপট
১৯ নভেম্বর সকাল থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই সময় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
এই ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
২১ ও ২২ নভেম্বর পরিস্থিতির উন্নতির সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ ও ২২ নভেম্বর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে পারে। তবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও তার প্রভাবে বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.