Jaipur News: ৫০ পয়সা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা! বড় শাস্তির মুখে রেস্তরাঁ | Jaipur Restaurant Fined Rs 10,000 for Rounding Off Customer's Bill by 50 Paise - 24 Ghanta Bangla News
Home

Jaipur News: ৫০ পয়সা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা! বড় শাস্তির মুখে রেস্তরাঁ | Jaipur Restaurant Fined Rs 10,000 for Rounding Off Customer’s Bill by 50 Paise

Spread the love

জয়পুর: গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ৫০ পয়সা নিয়েছিল এক রেস্তরাঁ। আর তাতেই বড় খেসারত দিতে হল কর্তৃপক্ষকে। সামান্য ৫০ পয়সা নিয়ে গ্রাহকের সঙ্গে বিরোধ গড়ায় ক্রেতা সুরক্ষা কমিশন পর্যন্ত। আর সেখানেই বড়সড় ধাক্কা খেল রেস্তরাঁ (Jaipur Restaurant)। কমিশনের নির্দেশ অনুযায়ী, ৫০ পয়সা বেশি নেওয়ার জন্য ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হল রেস্তরাঁ কর্তৃপক্ষকে। জয়পুরের এক রেস্তরাঁয় এই ঘটনাটি ঘটেছে।

ঘটনাটি গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র। ওই দিন পরিবারের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করতে একটি রেস্তরাঁয় ডিনার করতে গিয়েছিলেন ৫০ বছর বয়সি এক ব্যক্তি। খাওয়াদাওয়া শেষে বিল হাতে পেতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, বিলের নির্ধারিত অঙ্ক ছিল ১,৬৪৮ টাকা ৫০ পয়সা। কিন্তু রেস্তরাঁর কর্মীরা তা রাউন্ড অফ করে ১,৬৪৯ টাকা করে দেন। অর্থাৎ, গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ৫০ পয়সা নেওয়া হয়। কীভাবে এই সামান্য টাকা নিয়ে এত বড় শাস্তির মুখে পড়ল রেস্তরাঁ? জেনে নেওয়া যাক গোটা ঘটনা।

কেন ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হলেন গ্রাহক?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ওই ব্যক্তি। বিলের অঙ্ক দেখে তিনি আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, তিনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটাবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার সুযোগ রয়েছে। তাই বিলের অঙ্ক রাউন্ড অফ করার প্রয়োজন নেই।

কিন্তু অভিযোগ, রেস্তরাঁর কর্মীরা তাঁকে জানান, তাদের নিয়ম অনুযায়ী বিলের অঙ্ক রাউন্ড অফ করতেই হবে। এমনকী, অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি। কর্মীদের আচরণও যথেষ্ট খারাপ ছিল বলে দাবি তাঁর।

এরপরই ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ, আগে থেকে কোনওরকম বিজ্ঞপ্তি বা তথ্য না দিয়েই অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। যা অন্যায্য বাণিজ্যিক পদ্ধতি (Unfair Trade Practice) এবং পরিষেবায় ত্রুটি (Deficiency in Service)-র সামিল। শুনানির সময় রেস্তরাঁর তরফে কেউ উপস্থিত ছিলেন না। ফলে রেস্তরাঁর বক্তব্য ছাড়াই একতরফাভাবে মামলার শুনানি হয়।

কী নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কমিশন?

গত ২৭ অক্টোবরের নির্দেশে জয়পুর জেলা ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন জানায়, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিলের অঙ্ক রাউন্ড অফ করে অতিরিক্ত টাকা আদায় করা স্পষ্টতই অন্যায্য বাণিজ্যিক পদ্ধতি। এই প্রসঙ্গে রাজস্থান রাজ্য ক্রেতা কমিশনের একটি পুরনো মামলারও উল্লেখ করে কমিশন। ‘পারসরামপুরিয়া মার্ট বনাম নন্দকিশোর সাহু’ মামলার পর্যবেক্ষণ তুলে ধরে জানানো হয়, কোনও ব্যবসায়ী নিজের ইচ্ছেমতো বিলের অঙ্ক বাড়িয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারেন না।

এই যুক্তিতেই রেস্তরাঁকে একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। অতিরিক্ত নেওয়া ৫০ পয়সা গ্রাহককে ফেরত দিতে হবে। পাশাপাশি মানসিক ও শারীরিক হয়রানির জন্য সাত হাজার টাকা ক্ষতিপূরণ এবং আইনি খরচ বাবদ আরও তিন হাজার টাকা দিতে হবে রেস্তরাঁকে। অর্থাৎ, সব মিলিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ গুনতে হবে কর্তৃপক্ষকে।

কী কী বিষয়ে সতর্ক থাকবেন গ্রাহকরা?

এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেন রেস্তরাঁ, মুদিখানা কিংবা বিভিন্ন পরিষেবার বিল খুঁটিয়ে দেখা জরুরি। বিলের সঙ্গে কোনও অতিরিক্ত চার্জ যুক্ত করা হলে, তা আগে থেকে জানানো হয়েছে কি না এবং গ্রাহকের সম্মতি রয়েছে কি না, তা অবশ্যই যাচাই করা উচিত।

কোনও ব্যবসায়ী বিল সংক্রান্ত যুক্তিসঙ্গত অভিযোগের নিষ্পত্তি করতে না চাইলে গ্রাহকরা ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের সাহায্য নিতে পারেন। ১৯১৫ নম্বরে ফোন করে অথবা ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ জানানো যায়।

মনে রাখতে হবে, টাকার অঙ্ক যতই সামান্য হোক না কেন, গ্রাহকের অনুমতি ছাড়া অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন এবং প্রতিবার বিল মেটানোর আগে অঙ্ক ভালোভাবে যাচাই করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *